গুজরাটে ভোট লুটের অভিযোগ, নির্বাচন কমিশনকে নিশানায় রাহুল গান্ধী
গুজরাটে নির্বাচনী তালিকার বিশেষ পর্যালোচনা নিয়ে তীব্র অভিযোগ তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি ভোটার তালিকা সংশোধনের নাম করে পরিকল্পিতভাবে চলছে 'ভোট চুরি', আর সেই প্রক্রিয়ায় সরাসরি যুক্ত নির্বাচন কমিশন। বিজেপির ভোটব্যাঙ্ককে সুবিধা করে দিতে বাছাই করে ভোটার বাদ দেওয়ার অভিযোগও তুললেন তিনি।
শনিবার সামাজিক মাধ্যম এক্স হ্যাণ্ডেলে পোস্ট করে রাহুল জানান, বিশেষ ইন্টেনসিভ রিভিশন তথা (এসআইআর) কোনও সাধারণ প্রশাসনিক প্রক্রিয়া নয়। বরং এটি এমনভাবে প্রয়োগ করা হচ্ছে, যাতে রাজনৈতিক ফলাফলের ওপর সরাসরি প্রভাব পড়ে। তাঁর কথায়, এই পুরো প্রক্রিয়া "সংগঠিত, কৌশলী ও নির্বাচন ফল পাল্টে দেওয়ার উদ্দেশ্যে।"

রাহুল গান্ধীর দাবি, সবচেয়ে উদ্বেগের বিষয় হাজার হাজার আপত্তি একই নামে জমা পড়ছে। কীভাবে এমন আপত্তি গ্রহণ করা হচ্ছে, তা নিয়েই উঠছে প্রশ্ন। অভিযোগ, নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটার ও কংগ্রেস ঘেঁষা বুথ থেকে ভোটারদের বাদ দেওয়া হয়েছে সংগঠিতভাবে। যেখানে বিজেপির হারার সম্ভাবনা ছিল, সেইসব এলাকা থেকে 'নীরবে' ভোট মুছে ফেলা হয়েছে বলে দাবি তাঁর।
তিনি জানান, আলন্দ ও রাজুরা অঞ্চলে প্রথম এই প্যাটার্ন দেখা গিয়েছিল, এবার গুজরাটে সেই একই খেলা চলছে। শুধু গুজরাটেই নয় রাজস্থানে ও আরও কয়েকটি রাজ্যে এসআইআর প্রয়োগের আড়ালে চলছে একই কৌশল, এমন অভিযোগ তাঁর।
রাহুলের মতে, ভোটার তালিকা সংশোধনের এই ব্যবস্থা "ওয়ান পার্সন, ওয়ান ভোট" এই সাংবিধানিক নীতিকেই দুর্বল করছে। গণতন্ত্রের ভিত্তি নড়বড়ে হয়ে যাচ্ছে, আর রাজনৈতিক ক্ষমতা অন্যায্য পন্থায় নির্ধারিত হওয়ার ভয় তৈরি হচ্ছে বলে মত তাঁর। আরও তীব্র কটাক্ষ করে তিনি বলেন নির্বাচন কমিশন আর নিরপেক্ষ সংস্থা হিসেবে কাজ করছে না, বরং "এই তথাকথিত ভোট হেরফেরের খেলায় সক্রিয় অংশীদার হয়ে উঠেছে।"












Click it and Unblock the Notifications