আমেদাবাদেই হবে ২০৩০ সালের কমনওয়েলথ গেমস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুর্নিশ অমিত শাহের
আমেদাবাদেই অনুষ্ঠিত হবে ২০৩০ সালের কমনওয়েলথ গেমস। আজ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হলো কমনওয়েলথ স্পোর্টসের সাধারণ পরিষদে।
এর ফলে প্রায় দুই দশক পর কমনওয়েলথ গেমসের আয়োজন করতে চলেছে ভারতের কোনও শহর।

গত মাসে কমনওয়েলথ স্পোর্টসের এগজিকিউটিভ বোর্ড আমেদাবাদকে শতবর্ষী সংস্করণের প্রস্তাবিত আয়োজক হিসেবে সুপারিশ করেছিল। তাই ৭৪ সদস্যের সাধারণ পরিষদের জন্য ভারতের বিডে সিলমোহর দেওয়াটা কেবলই আনুষ্ঠানিকতা ছিল। এর আগে, ২০১০ সালে দিল্লি কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল।
কমনওয়েলথ স্পোর্টসের মূল্যায়ন কমিটির তত্ত্বাবধানে এই সুপারিশ প্রক্রিয়া সম্পন্ন হয়। কমনওয়েলথ স্পোর্টসের প্রেসিডেন্ট ড. ডোনাল্ড রুকরে বলেছেন, "ভারত বৃহৎ পরিসর, তারুণ্য, উচ্চাকাঙ্ক্ষা, সমৃদ্ধ সংস্কৃতি, বিশাল ক্রীড়া আবেগ এবং প্রাসঙ্গিকতা নিয়ে এসেছে। আমরা কমনওয়েলথ গেমসের পরবর্তী শতক ভালোভাবে শুরু করছি।"
এই সিদ্ধান্ত ২০৩৬ সালের অলিম্পিকের আয়োজক হওয়ার ভারতের উচ্চাকাঙ্ক্ষাকেও শক্তিশালী করল। আমেদাবাদ, যা অলিম্পিক আয়োজনের দৌড়েও রয়েছে, গত এক দশকে যুদ্ধকালীন তৎপরতায় তার ক্রীড়া পরিকাঠামো উন্নত করেছে।
২০৩০ সালের বিডের জন্য ভারত নাইজেরিয়ার আবুজা শহরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছিল। তবে কমনওয়েলথ স্পোর্টস সিদ্ধান্ত নিয়েছে যে, আফ্রিকান দেশটি ২০৩৪ সালের সংস্করণের জন্য বিবেচিত হবে। প্রথম কমনওয়েলথ গেমস, যা তখন ব্রিটিশ এম্পায়ার গেমস নামে পরিচিত ছিল, ১৯৩০ সালে কানাডার হ্যামিল্টনে অনুষ্ঠিত হয়েছিল।
এই ঘোষণার পর অমিত শাহ এক্স হ্যান্ডলে লেখেন, আমেদাবাদে ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য ভারত এই মর্যাদাপূর্ণ বিড জেতায় প্রত্যেক নাগরিককে অভিনন্দন জানাই। ভারতকে বিশ্ব ক্রীড়া কেন্দ্র হিসাবে গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির এটি একটি প্রমাণ। এক দশকেরও বেশি সময় ধরে নিরলস প্রচেষ্টার মাধ্যমে মোদী সরকার বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো তৈরি করেছে এবং কার্যকর প্রশাসন ও নিবিড় দলগত কাজের মাধ্যমে দেশের সম্ভাবনাকে তুলে ধরেছে।












Click it and Unblock the Notifications