পুরীতে রথযাত্রার পর হওয়া অনুষ্ঠানে বিপত্তি! বলভদ্রের মূর্তি পিছলে আহত সাত
মঙ্গলবার ওড়িসার পুরীতে রথযাত্রার পরে একটি অনুষ্ঠান চলাকালীন ভগবান বলভদ্রের মূর্তি পিছলে গেলে কমপক্ষে সাতজন সেবক আহত হন। এদিন সন্ধেয় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে রথে করে গুণ্ডিচা মন্দিরের আডাপা মণ্ডপে নিয়ে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। আহতদের চিকিরসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রথযাত্রার আচার অনুষ্ঠান শেষ হওয়ার পরে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার পাহান্ডি শুরু হয়। যেখানে তিন মূর্তিকে হাল্কা করে দোলানোর মাধ্যমে সেবকরা মণ্ডপে নিয়ে যান। এদিন বলভদ্রের মূর্তি তাঁর রথ তালধ্বজ থেকে নেওয়ার সময় মূর্তিটি রথের অস্থায়ী ঢালু অংশে পিছলে সেবকদের ওপরে গিয়ে পড়ে। সেই সময় উদ্ধারকারী এবং অন্য সেবকরা ছুটে গিয়ে মূর্তি তুলে ধরেন।

উল্লেখ্য, রবিবার ও সোমবার দুইদিন ব্যাপী রথযাত্রার সময় উপচে পড়া ভিডে় একজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন। এবারও পুরীতে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।
এবারও প্রায় ৪৫ ফুট উঁচু রথ টানতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। ভক্ত ও সেবাইতরা পিতলের বড় করতাল ও হাতে ঢোল বাজিয়ে রথে ঘিরে ছিলেন। রথযাত্রা শহরের প্রধান সড়ক দিয়ে ধীর গতিতে এগিয়ে যায়। প্রশাসনের অনুমান এবার প্রায় দশ লক্ষ ভক্ত উৎসবে অংশ নিয়েছিলেন। তাঁদের বেশিরভাগই ওড়িশা এবং প্রতিবেশী রাজ্যের। উল্লেখ্য ৫৩ বছর পর এবার রথযাত্রা ছিল দুইদিনের।
পুরীর পুলিশ সুপার পিনাক মিশ্র জানিয়েছেন, রথযাত্রা উপলক্ষে কঠোর নিরাপত্তার আয়োজন করা হয়েছিল। ১৮০ প্ল্যাটুন (এক প্ল্যাটুনে ৩০ জন) নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়। এছাড়া এআই ভিত্তিক সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়।
পুরীর রথযাত্রার বিশেষ তাৎপর্য রয়েছে। জগন্নাথকে বের করে বিখ্যাত গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে .জগন্নাথ সাত দিন বিশ্রাম নেন। এই সময় গুণ্ডিচা মাতার মন্দিরে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়। দ্বাদশ শতাব্দীর পুরীর জগন্নাথ মন্দির থেকে গুণ্ডিচা মন্দিরের দূরত্ব প্রায় আড়াই কিমি।












Click it and Unblock the Notifications