পিএনবি জালিয়াতির পর আরও ৮৯ কোটি টাকা সুইজারল্যান্ডে পাঠান নীরব মোদী!
পিএনবি ব্যাঙ্ক ফ্রডের পরই নীরব মোদী সিঙ্গাপুর থেকে ৮৯ কোটি কালো টাকা সুইজারল্যান্ডে পাঠান। নীরবকে দাগী ও উন্নত মানের জালিয়াত আখ্যা ভারতের।
১৩৫০০ কোটি টাকার পিএনবি ব্যাঙ্ক জালিয়াতি সামনে আসার পরই, অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদী সিঙ্গাপুর থেকে ৮৯ কোটি কালো টাকা সুইজারল্যান্ডে পাঠিয়েছিলেন বলে সূত্রের খবর। কেলেঙ্কারির তদন্ত শুরু হতেই দুবাই ও হংকং থেকে ৬৬ কোটি টাকার হিরে, ৫০ কেজি সোনা, ১৫০ বাক্স মুক্তোও, নীরব জুরিখে পাচার করেছিলেন বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। নীরবকে দাগী ও উন্নত মানের জালিয়াত আখ্যা দিয়ে, তার দ্রুত প্রত্যার্পণের দাবি জানিয়েছে ভারত।

৪৮ বছরের নীরব মোদী ১৩৫০০ কোটি টাকার পিএনবি ব্যাঙ্ক ফ্রড মামলায় ব্রিটেনের জেলে বন্দি। ভারতীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, তদন্ত শুরু হতেই সম্পত্তি গোপন করতে, বোন পুরবী মোদীর নামে হলেও, বকলমে নিজেরই চালানো সংস্থা বেলভেডের হোল্ডিংস গ্রুপের হাত দিয়ে দুবার জুরিখের ইএফজি এজি ব্যাঙ্কে টাকা পাঠান নীরব।
সুভাষ পরব নামে নীরবের ফায়ারস্টার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড সংস্থার কর্মী সেই সময় হংকংয়ের ছটি কোম্পানির সঙ্গে পিএনবির ৮২০০ কোটি টাকার আর্থিক লেনদেনে মূল ভূমিকা নিয়েছিলেন বলে ভারতীয় গোয়েন্দাদের ধারণা। সুভাষ পরবকে গ্রেফতারির প্রক্রিয়া শুরু হয়েছে।
তদন্তে এও জানা গেছে, কানাডা, ব্রিটেন, দুবাই, হংকং, সিঙ্গাপুর সহ মোট সাতটি দেশের বিজনেস ও রেসিডেন্সিয়াল ভিসা রয়েছে নীরব মোদীর কাছে। ইতিমধ্যেই নীরব মোদীর দুটি জামিনের আবেদন খারিজ করেছে ব্রিটেনের আদালত। ২৬ এপ্রিল ফের এই মামলার শুনানি।












Click it and Unblock the Notifications