ভারতে পা রাখলেই লাগবে ই-ভিসা, দেশীয় নিরাপত্তার স্বার্থেই আফগানদের জন্য নয়া নিয়ম কেন্দ্রের
ভারতে পা রাখলেই লাগবে ই-ভিসা, দেশীয় নিরাপত্তার স্বার্থেই আফগানদের জন্য নয়া নিয়ম কেন্দ্রের
আফগানিস্তানে তালিবান সঙ্কটের বড় প্রভাব পড়েছে ভারতেও। আফগানিস্তান দখলের পর থেকেই সেখানে দেশ ছাড়ার হিড়িক দেখা গিয়েছে হাজার হাজার মানুষের মধ্যে। ভারতের নাগরিক ছাড়াও অনেক আফগান নাগরিকও ভারতে এসেছেন। আর তাতেই চাপে পড়েছে ভারত। আর সেই কারণেই চালু হতে চলেছে নয়া নিয়ম। এখন থেকে ই-ভিসা ছাড়া ভারতে ঢুকতে পারবেন না আফগান নাগরিকেরা।

বিবৃতিতে কী বলছে কেন্দ্র
বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে এই কথা জানানো হয়েছে। সরকারি বিবৃতিতে স্পষ্ট ভাষায বলা হয়েছে, আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে। ভারত সকলের জন্যই উদার। কিন্তু দেশীয় নিরাপত্তা সকলের আগে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় আরও জানানো হয়েছে, এর আগেও যে সমস্ত আফগান নাগরিকরা ভারতের ভিসা পেয়েছেন, তাঁরা বর্তমানে ভারতে না থাকলেও তাঁদেরও নয়া এই নয়া নিয়ম মানতে হবে৷

ই-এমার্জেন্সি এক্স-মিস ভিসা চালু ভারতের
এদিকে এই প্রসঙ্গে কেন্দ্রের তরফে একটি টুইটও করা হয়েছে। ওই টুইটেই বলা হয়েছে 'আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে ভারতে আসতে চাওয়া ব্যক্তিরা যাতে জরুরি ভিত্তিতে ভিসা পেতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। এই ভিসার নাম 'ই-এমার্জেন্সি এক্স-মিস (মিসলেনিয়াস) ভিসা-র মাধ্যমে আবেদন করলে দ্রুত ভিসা নিয়ে ভারতে আসা যাবে।' কিন্তু নয়া এই সিদ্ধান্তে নতুন করে বেড়েছে চাপানৌতর। বাড়ছে উদ্বেগও।

ই-ভিসা চালুর জন্য তৈরি বিশেষ সেল
এদিকে আপৎকালীন ই-ভিসা চালুর জন্য বিশেষ আফগানিস্তান সেলও তৈরি করা হয়েছে। এমনকী বর্তমানে আফগানিস্তানের বহু এলাকাতেই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ ক্যাফেও। সেখানে কীভাবে এই ই-ভিসার আবেদন করা যাবে তা নিয়ে দানা বাঁধছে সংশয়। এদিকে, আফগানিস্তান থেকে ভারতীয়দের উদ্ধার করার প্রক্রিয়া জারি রয়েছে৷ ঙ্গলবার গভীর রাতে আফগানিস্তান থেকে ভারতে এসেছেন আরও আটাত্তর জন৷ আটাত্তর জনের মধ্যে চব্বিশজন ভারতীয় এবং চুয়ান্নজন আফগান নাগরিক রয়েছেন বলে জানা যাচ্ছে।

৩১ অগাস্টের মধ্যেই আফগানিস্তান ছাড়বে মার্কিন সেনা
এদিকে আফগানিস্তান থেকে নাগরিকদের দেশে ফেরানো জারি রেখেছে আমেরিকা৷ তালিবানের সঙ্গে চুক্তি অনুযায়ী আগামী ৩১ অগাস্ট পর্যন্ত সেদেশে থাকতে পারবে মার্কিন সেনা। মেয়াদ শেষ হতে আর এক সপ্তাহেরও কম সময় হাতে রয়েছে। তারপর পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই নজর গোটা বিশ্বের। এমতাবস্থায় মার্কিন সেনা থাকতে থাকতেই দেশ ছাড়তে চাইছেন প্রত্যেকে। আর তাতেই নতুন করে বেড়েছে উদ্বেগ।












Click it and Unblock the Notifications