লালকেল্লা বিস্ফোরণের নেপথ্যে বড় ছক? প্রজাতন্ত্র দিবস ও দীপাবলিতে হামলার পরিকল্পনাও কি ছিল মুজাম্মিল ও উমরের?
লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পাচ্ছে তদন্তকারী সংস্থা। জেরায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মুখ খুলতেই সামনে এসেছে বিস্ফোরণের আগের প্রস্তুতি ও পরিকল্পনার বিস্তারিত তথ্য।
জানা গেছে, গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ড. মুজাম্মিল গনাই ও ড. উমর নবি ওরফে ড. উমর মহম্মদ জানুয়ারির প্রথম সপ্তাহেই লালকেল্লা এলাকায় গিয়ে নজরদারি চালিয়েছিলেন। এই দুই অভিযুক্তের মোবাইল ফোন থেকে উদ্ধার হওয়া তথ্যেই মিলেছে এই প্রমাণ। তদন্তে উঠে এসেছে, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে লালকেল্লাকে নিশানা করার ছকও কষা হয়েছিল। পাশাপাশি দীপাবলির সময় কোনও ভিড় এলাকায় বড়ো হামলারও পরিকল্পনা ছিল জঙ্গিদের।

উল্লেখ্য, সোমবারের ব্যস্ত সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু হয়, বহু মানুষ আহত হন। এর কয়েক ঘণ্টা আগেই ফরিদাবাদ, হরিয়ানা ও উত্তরপ্রদেশে যৌথ অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়, উদ্ধার হয় প্রায় ২,৯০০ কিলোগ্রাম বিস্ফোরক। এরমধ্যেই জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ ও আনসার গজওয়াত উল হিন্দের যোগ পাওয়া গেছে।
তদন্তে জানা যাচ্ছে, ডা. উমর নবি, যিনি পুলওয়ামার বাসিন্দা, বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি চালাচ্ছিলেন। তিনি ও তাঁর সহযোগীরা ফরিদাবাদে সক্রিয় এক জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনাস্থল থেকে ফরেনসিক টিম ৪০টিরও বেশি নমুনা সংগ্রহ করেছে, যার মধ্যে দুটি কার্তুজ ও দুই ধরনের বিস্ফোরক পদার্থের নমুনাও রয়েছে। প্রাথমিক পরীক্ষায় একটি নমুনায় অ্যামোনিয়াম নাইট্রেটের উপস্থিতিও ধরা পড়েছে।
ফরিদাবাদে তল্লাশিতে উদ্ধার হয়েছে আরও ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। ওই সময় গ্রেপ্তার হয় আল ফালাহ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত দুই চিকিৎসক ড. মুজাম্মিল গনাই ও ড. শহিন সাঈদ। বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় বিস্ফোরকটি অ্যামোনিয়াম নাইট্রেটের চেয়ে বেশি শক্তিশালী হতে পারে। এর রাসায়নিক গঠন নির্ধারণে চলছে বিশেষ ফরেনসিক পরীক্ষা।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, লালকেল্লার কাছে যে বিস্ফোরণটি ঘটেছিল তা হয়তো অকালপক্ব ছিল, অর্থাৎ সম্পূর্ণ প্রস্তুত না হওয়া অবস্থাতেই সেটি বিস্ফোরিত হয়ে যায়। ফলে বিস্ফোরণের প্রভাব কিছুটা সীমিত থাকে।
পুরো ঘটনার পেছনে কারা, কীভাবে এই জঙ্গি মডেল কাজ করছিল, ও দেশের বিভিন্ন রাজ্যে তাদের ছড়িয়ে থাকা নেটওয়ার্ক কতটা গভীর তা জানতেই চলছে জোর তল্লাশি ও জিজ্ঞাসাবাদ।












Click it and Unblock the Notifications