ISL: প্রিয় দলের খেলা দেখতে গিয়ে জামশেদপুরে আক্রান্ত সমর্থক, কড়া বার্তা দিলেন মোহনবাগান সচিব
জামশেদপুরে প্রিয় দলের খেলা দেখতে গিয়ে আক্রান্ত মোহনবাগান এসজি সমর্থক। বৃহস্পতিবার আইএসএলের সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে খেলতে নেমেছিল সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচে হারতে হয়েছে মোলিনার দলকে, আর গ্যালারিতে আক্রান্ত হলেন মোহনবাগান এসজির সমর্থক। যা নিয়ে সরগরম ময়দান।
কী ঘটেছিল গোটা ঘটনাটি? মোহনবাগান সমর্থকদের দাবি, কামিংস গোল করে সমতা ফেরানোর পরই গ্যালারিতে তাঁরা উচ্ছাস প্রকাশ করছিলেন । তাঁদের অভিযোগ, এই সময় ওই অবাঙালি সমর্থকরা এসে মোহনবাগানের ফ্লেক্স ছিঁড়ে দেন। এরপরই অশান্তির সূচনা হয়। এখানেই শেষ নয় স্টেডিয়ামের সাউথ ওয়েস্ট অ্যাওয়ে গ্যালারিতে মোহনবাগান সমর্থকদের আনা সবুজ-মেরুন পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠছে কিছু জামশেদপুর এফসির সমর্থকদের বিরুদ্ধে।

সেই সময় মোহনবাগান সমর্থকরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। বাগান সমর্থকদের অভিযোগ সেই সময় নিরাপত্তারক্ষীরা তাদের মারেন। সেই মারধরে মোহনবাগানের বেশ কয়েকজন সমর্থক আহত হন। সবথেকে বেশি আঘাত পান বনগাঁ থেকে খেলা দেখতে যাওয়া রিপন মণ্ডল। তাঁর মাথার পিছনের অংশ ফেটে যায়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর জার্সি রক্তাত্বও হয়।
এই ঘটনার তীব্র নিন্দা করেছে মোহনবাগান এসজি টিম ম্য়ানেজেমন্ট। তাঁরা বিবৃতি দিয়ে বলে, জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সের অ্যাওয়ে স্ট্যান্ডে কিছু নিরাপত্তাকর্মী ও ম্যানেজমেন্টের কর্তাদের খারাপ ও আগ্রাসী আচরণের তীব্র নিন্দা করছে মোহনবাগান এসজি। আমাদের সবাইকে মনে রাখতে হবে, সমর্থকদের ছাড়া ফুটবল কিছুই না।
মাঠে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত। তিনি আহত সমর্থকের সঙ্গে কথা বলেন। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, পুলিশ যদি লাঠিচার্জ করে তাহলে কোমরের উপর একেবারেই তা করতে পারে না। এখানে পিঠে শুধু নয় মাথায় আঘাত করা হয়েছে। আমি ওকে বলেছি গোটা বিষয়টি লিখিতভাবে দিতে। সেটা আমি এফএসডিএলের কাছে পাঠাবো। জামশেদপুরে এলেই এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হচ্ছে। সমর্থকদের মধ্যে অনেক সময়ই বিবাদ হয়, কিন্তু পুলিশের পক্ষ আক্রান্ত হতে হচ্ছে।
একইসঙ্গে তিনি বলেন, আমাদের সমর্থক শুধু পতাকা খুলতে গিয়েছিল কিন্তু পুলিশ কেন মাথায় মারবে? এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হলে আমাদের জামশেদপুরে খেলতে আসাটা নিয়ে ভাবতে হবে। জামশেদপুর এফসি এই ম্যাচের আয়োজক, এই ঘটনার দায় তাদের নিতে হবে।












Click it and Unblock the Notifications