Euro Cup-Copa america: এবার লড়াই ফাইনালের টিকিট পাওয়ার, ইউরো-কোপার সেমিফাইাালের সূচি জেনে নিন
ক্রমশ শেষ পর্যায়ে দুই মহাদেশের ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। জার্মানিতে একদিকে চলছে ইউরো কাপ অন্যদিকে এবার মার্কিন যুক্তরাষ্ট্রে বসেছে কোপা আমেরিকার আসর। ইউরো কাপের গ্রুপ পর্ব, প্রি-কোয়ার্টার ফাইনাল এমনকি কোয়ার্টার ফাইনালের খেলা হয়ে গিয়েছে, এবার লড়াই সেমিফাইনালের। অন্যদিকে কোপাতে গ্রুপ পর্বের পর সরাসরি কোয়ার্টার ফাইনাল হয়েছে। দুটি টুর্নামেন্টের শেষ চারের সূচি তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমেই নজর রাখা যাক ইউরো কাপের দিকে। উল্লেখ্য এবারের ইউরো কাপে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড। প্রথম সেমিফাইনাল ম্যাচটি হবে বুধবার রাত ১২.৩০ মিনিটে(ভারতীয় সময় অনুসারে)। এই ম্যাচে মুখোমুখি ফ্রান্স বনাম স্পেন। কোয়ার্টার ফাইনালে আয়োজক জার্মানিকে ছিটকে দিয়ে শেষ চারের যোগ্যতা অর্জন করেছে স্প্যানিশরা। এবার ইউরো কাপের চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার স্পেন।

দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি হবে বৃহস্পতিবার রাত ১২.৩০ মিনিটে(ভারতীয় সময় অনুসারে)। এই ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। শেষ আটের ম্যাচে ইংল্যান্ড হারিয়েছে সুইৎজারল্যান্ডকে। নির্ধারিত সময়ের খেলা ড্র হলে টাইব্রেকারে ম্যাচ জিতে নেয় ব্রিটিশরা। অন্যদিকে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ডাচরা। ফলে সেমিফাইনালের দুটি ম্যাচই হতে চলেছে হাইভোল্টেজ।
ইউরো থেকে এবার নজর রাখা যাক কোপাতে। কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গিয়েছে ব্রাজিল। ফলে এবার আর ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ দেখা যাবে না। কোপা আমেরিকার সেমিফাইনালের টিকিট পেয়েছে আর্জেন্টিনা, কানাডা, উরুগুয়ে, কলম্বিয়া।
আগামী বুধবার ভারতীয় সময় অনুসারে সকাল ৫.৩০ মিনিটে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিরুদ্ধে টাইব্রেকারে জয় পেয়েছেন মেসিরা। নির্ধারিত সময় খেলা ১-১ থাকলে টাইব্রেকারে ৪-২ গোলে জয় পায় আর্জেন্টিনা। অন্যদিকে ভেনেজুয়েলাকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে উঠেছে কানাডা।
অন্য সেমিফাইনাল ম্যাচটি হবে বৃহস্পতিবার ভারতীয় সময় অনুসারে সকাল ৫.৩০ মিনিটে। এই ম্যাচে মুখোমুখি উরুগুয়ে-কলম্বিয়া। ব্রাজিলকে ছিটকে দিয়ে কোপার শেষ চারে জায়গা করে নিয়েছে উরুগুয়ে। অন্যদিকে পানামাকে ৫-০ গোলে হারিয়ে দিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে কলম্বিয়া।












Click it and Unblock the Notifications