আইএসএলে সুনীল ছেত্রীর ৫০তম গোলেও হায়দরাবাদের কাছে হার এড়াতে ব্যর্থ বেঙ্গালুরু
আইএসএলের ম্যাচে ব্যাম্বোলিমে আজ বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দিল পয়েন্ট তালিকার শীর্ষে থাকা হায়দরাবাদ এফসি। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে ছিল তারা। ৮৭ মিনিটে আইএসএলে সুনীল ছেত্রীর ৫০তম গোলে পরাজয়ের ব্যবধান কমাতে সক্ষম হয় বেঙ্গালুরু এফসি। হায়দরাবাদ এফসির গোল দুটি করেছেন জেভিয়ার সিভেরিও এবং জোয়াও ভিক্টর।

ম্যাচের প্রথম ১৫ মিনিট বেঙ্গালুরু এফসি আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে, যদিও তা প্রতিহত হতে থাকে হায়দরাবাদ এফসির রক্ষণভাগে। ১৬ মিনিটের মাথায় গোল করে হায়দরাবাদ এফসিকে এগিয়ে দেন জেভিয়ার সিভেরিও। বাঁ প্রান্ত থেকে বক্সে বল রেখেছিলেন রোহিত দানু। বার্থেলোমিউ এগবেচে হেড করলেও তা জালে জড়াতে দেননি রোশন নওরেম। কিন্তু সুযোগসন্ধানী জেভিয়ারের পায়ে বল আসতেই তিনি যে শট নেন তা বেঙ্গালুরু এফসির গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর হাতে লেগে জালে জড়ায়। দলের রক্ষণ নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় বেঙ্গালুরুর অধিনায়ক সুনীল ছেত্রীকে। ৩০ মিনিটের মাথায় ২-০ ব্যবধানে এগিয়ে যায় হায়দরাবাদ এফসি। ফ্রি কিক পাওয়ার পর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সৌভিক চক্রবর্তী বল বাড়ান জোয়াও ভিক্টরের দিকে, তাঁর শটটিও প্রতিহত করতে পারেননি গুরপ্রীত। এর আগে ও পরে কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজের কাজ করতে পারেনি বেঙ্গালুরু। ফলে বিরতিতে হায়দরাবাদ এগিয়ে ছিল ২-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে হায়দরাবাদ এফসির চেয়ে তুলনামূলক ভালো ফুটবল উপহার দেয় বেঙ্গালুরু এফসি। কয়েকটি ভালো সুযোগও তৈরি হয়েছিল, কিন্তু গোল করার ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিতে পারছিলেন না বেঙ্গালুরু এফসির ফুটবলাররা। হায়দরাবাদ রক্ষণও বেঙ্গালুরুর কাজ কঠিন করে দিতে থাকে। ৮৭ মিনিটের মাথায় বেঙ্গালুরু ব্যবধান কমায় অধিনায়ক সুনীল ছেত্রীর গোলের সৌজন্যে। উদান্তা সিংয়ের ক্রস থেকে দর্শনীয় গোলটি করেন সুনীল। আইএসএলের ইতিহাসে আপাতত সর্বাধিক গোলদাতার রেকর্ডটি নিজের দখলে নিলেন ভারত অধিনায়ক। চলতি আইএসএলে এটি তাঁর তৃতীয় গোল।
.@HydFCOfficial extend their lead at the 🔝 with a hard-fought win, whereas, @bengalurufc's @chetrisunil11 creates history! 👏🏻
— Indian Super League (@IndSuperLeague) February 11, 2022
Watch the full recap of the #BFCHFC game 📺#HeroISL #LetsFootball #ISLRecap pic.twitter.com/gplgWMOO92
এই ম্যাচের ফলাফলের পর হায়দরাবাদ এফসি শীর্ষস্থান ধরে রাখল, ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ২৯। দ্বিতীয় স্থানে থাকা জামশেদপুর এফসির ১৪ ম্যাচে রয়েছে ২৫ পয়েন্ট। ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রাখল বেঙ্গালুরু এফসি। চারে রয়েছে এটিকে মোহনবাগান, ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট রয়েছে হুয়ান ফেরান্দোর দলের। কাল নর্থইস্ট ইউনাইটেডকে হারালেই দ্বিতীয় স্থানে উঠে আসার হাতছানি রয়েছে এটিকে মোহনবাগানের সামনে।












Click it and Unblock the Notifications