Durand Cup 2024: প্রতিবাদ অব্যাহত, ডুরান্ড ফাইনালেও আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে সরব ফুটবলপ্রেমীরা
প্রত্যাশা মতোই ডুরান্ড কাপের ফাইনালেও বজায় থাকল আরজি কর কাণ্ডের প্রতিবাদ। সেমিফাইনাল ম্যাচের পর ফাইনাল ম্যাচেও মোহনবাগান সমর্থকরা মাঠে প্রতিবাদে সরব হলেন। রবিবার ডুরান্ড কাপের ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে কাপ জয়ের ম্যাচ খেলতে নেমেছিল হোসে মলিনার দল। এই ম্যাচে গ্যালারিতে দেখা গেল প্রতিবাদী টিফো।
যুবভারতীতে মেরিনার্সরা নিয়ে এসেছিলেন টিফো। যেখানে লেখা, 'তোর ভয় নেই বোন আমরা, প্রতিবাদ করতে জানি'। ব্যানারে আরও দেখা গেল ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের দুই মহিলা সমর্থক প্রতিবাদ জানাচ্ছেন। সঙ্গে লেখা ছিল, 'হাতে হাত রেখে এ লড়াই, আমাদের বোনের বিচার চাই'। শনিবার ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

টিফো ব্যানার নিয়ে ফাইনা ল ম্যাচে ছিল না কোন বাধা নিষেধ। ফলে ম্যাচের শুরু থেকেই মোহনবাগান এসজি সমর্থকরা প্রতিবাদে সরব হন। ঠিক দুই সপ্তাহ আগে ১৮ অগাস্ট বিকেলে যুবভারতীর বাইরে প্রতিবাদ বিক্ষোভ জানিয়েছিলেন তিন প্রধানের সমর্থকরা। আর শনিবার যুবভারতীর গ্যালারিতে উঠল উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান। ম্যাচের বিরতিতে গোটা স্টেডিয়াম একসঙ্গে গর্জে উঠল বিচারের দাবিতে। এক অভিনব দৃশ্য দেখা গেল ফুটবল মাঠে।
গত মঙ্গলবার বেঙ্গালুরুর বিরুদ্ধে সেমিফাইনািল ম্যাচেও প্রতিবাদে সরব হয়েছিলেন মোহনবাগান এসজি সমর্থকরা। তাদের কোনও টিফোয় লেখা ছিল, "হাতে হাত রেখে করো লড়াই হাতে হাত রেখে এ লড়াই। আমাদের বোনের বিচার চাই।" মঙ্গলবার ম্যাচ শুরুর আগেই আদালত জানায়, টিফো নিয়ে মাঠে যেতে পারবেন সমর্থকরা। ম্যাচ শেষে গ্যালারিজুড়ে স্লোগান উঠল- উই ওয়ান্ট জাস্টিস।
গত ১৮ অগাস্ট যুবভারতীতে ডুরান্ড কাপের কলকাতা ডার্বি বাতিল হওয়ার পরে ধুন্ধুমার কাণ্ড দেখা যায় স্টেডিয়াম চত্ত্বরে। বড় ম্যাচ বাতিল হওয়ার ক্ষোভ যেমন ছিল, সমর্থকদের তার থেকেও বেশি আঘাত করে আরজি কর কাণ্ডের নৃশংশতা। মোহনবাগান-ইস্টবেঙ্গলের সঙ্গে সুবিচারের দাবিতে সরব হন মহামেডান স্পোর্টিংয়ের সমর্থকরাও।
গত ১৮ অগাস্ট ডুরান্ড কাপের ডার্বি বাতিলের প্রতিবাদে রবিবার সারা রাজ্য জুড়ে পথে নামেন ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান স্পোর্টিংয়ের সমর্থকরা। যুবভারতীর সামনের রাস্তা রণক্ষেত্রের চেহারা নেয়।
আরজি কাণ্ড নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই উত্তাল রাজ্য তথা দেশ। হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় বইছে। একইসঙ্গে দেশের সর্বত্রই চলছে প্রতিবাদ আন্দোলন। সেই প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছে বাংলার ফুটবলপ্রেমী জনতাও।












Click it and Unblock the Notifications