জুভেন্তাসের শর্ত মেনেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
জুভেন্তাসের শর্ত মেনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে চুক্তির ঘোষণা করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ২০০৩ থেকে ২০০৯ সাল অবধি রেড ডেভিলদের হয়ে খেলেছেন সিআর সেভেন। আজ সকালে অনুশীলনের আগে রোনাল্ডো ট্রেনিং গ্রাউন্ড ছেড়ে বেরিয়ে যেতেই জুভেন্তাসের কোচ ম্যাক্স আলেগ্রি বলেছিলেন, রোনাল্ডো জুভেন্তাসে থাকবেন না বলে জানিয়েছেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই বাজিমাত করল ম্যান ইউ। সের্হিও আগুয়েরোর বিকল্প খুঁজতে গিয়ে হ্যারি কেনের পর এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও হাতছাড়া করল ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি। কথাবার্তা চালানোর পরও রোনাল্ডোকে আর রেড ডেভিলদের প্রধান প্রতিপক্ষর হয়ে মাঠে নামতেও হচ্ছে না।
|
নাটকীয় পালাবদল
২৪ ঘণ্টা ধরে চলা নানা জল্পনার অবসান ঘটিয়ে এল বিশ্ব ফুটবলের অন্যতম বড় ব্রেকিং। ১২ বছর পর পুরানো ক্লাবে ফিরছেন রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জানিয়েছে সিআর সেভেনকে স্বাগত জানাতে সকলেই তৈরি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে থাকাকালীন ২০০৮ সালে ব্যালন ডি'অর পেয়েছিলেন রোনাল্ডো। ম্যান ইউয়ের হয়ে ৬ বছর খেলে ২৯২টি ম্যাচে ১১৮টি গোল করেন রোনাল্ডো। ম্যান ইউ থেকে তিনি গিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। পাঁচবারের ব্যালন ডি'অর-জয়ী রোনাল্ডো ৩০টিরও বেশি মেজর ট্রফি জিতেছেন ইংল্যান্ড, স্পেন ও ইতালির ক্লাবের হয়ে। রিয়াল ছেড়ে জুভেন্তাসে গিয়েছিলেন। সেখান থেকে ফিরলেন ম্যান ইউতেই। পাঁচবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিদ, চারবার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতার পাশাপাশি সাতবার লিগ খেতাব জয়ের স্বাদ পেয়েছেন ইংল্যান্ডে। পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়নও করেছিলেন। ৩৬ বছরের রোনাল্ডো আসায় নিঃসন্দেহে শক্তি বাড়াল রেড ডেভিলরা।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে রোনাল্ডো
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে থাকাকালীন অ্যালেক্স ফার্গুসনের কোচিংয়ে রোনাল্ডো তিনবার প্রিমিয়ার লিগ খেতাব জেতেন। একবার চ্যাম্পিয়ন্স লিগ, দুবার লিগ কাপ ও একবার এফএ কাপ জেতেন। ম্যান ইউয়ের হয়ে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ও কমিউনিটি শিল্ডও জিতেছেন। রোনাল্ডো জুভেন্তাস ছাড়তে চেয়েছিলেন। গতকাল অবধি ম্যান সিটি রোনাল্ডোকে নেওয়ার ব্যাপারে এগিয়ে থাকলেও ট্রান্সফার ফি সংক্রান্ত বিষয়েই পিছু হঠে। রোনাল্ডোর পুরানো ক্লাবে ফেরার ব্যাপারে ইচ্ছা ছিল। কিন্তু চুক্তি করা সম্ভব কিনা সে ব্যাপারে নিশ্চিত ছিলেন না। পালাবদল ঘটল ২৪ ঘণ্টার মধ্যেই। সেই চুক্তি বাস্তবায়িত করে চমক দিল ম্যান ইউ।

ফিরলেন পুরানো ক্লাবে
আজ সকাল থেকেই স্পষ্ট হচ্ছিল ছবিটা। রোনাল্ডো জুভেন্তাস ছেড়ে চলে যাওয়ার ব্যাপার নিশ্চিত করে দেন। ম্যান সিটি কোচ পেপ গুয়ার্দিওলা দল নিয়ে সন্তুষ্ট ও খুশি বলে জানিয়ে রোনাল্ডোকে সই করানোর বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন, রোনাল্ডো তো জুভেন্তাসের ফুটবলার! যদিও পেপের সঙ্গে বৃহস্পতিবার কথা হয়েছিল সিআর সেভেনের। এরপর ম্যান ইউ কোচের কথাতেই ইঙ্গিত মেলে রোনাল্ডো পুরানো ক্লাবে ফিরতে চলেছেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা। ম্যান ইউয়ের বিবৃতিতে একটি বিষয় স্পষ্ট জুভেন্তাসের শর্ত মেনেই চুক্তির বাস্তবায়ন ঘটেছে। ২৪ মিলিয়ন পাউন্ড (২৮ মিলিয়ন ইউরো বা ৩৩ মিলিয়ন মার্কিন ডলার)-এর বিনিময়ে রোনাল্ডোকে জুভেন্তাস থেকে নিল ম্যান ইউ। এদিন সকালে জুভেন্তাসের অনুশীলন শুরুর আগেই মাঠ ছেড়ে বেরিয়ে প্রাইভেট প্লেনে তুরিনের বাইরে যেতে দেখা গিয়েছিল রোনাল্ডোকে।












Click it and Unblock the Notifications