ISL: ঘরের মাঠে দুরন্ত জয় জামশেদপুরের, মোহনবাগান এসজির ফাইনালের পথ কঠিন করে দিলেন প্রণয়রা
আইএসএলের সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল জামশদেপুর এফসি এবং মোহনবাগান এসজি। ঘরের মাঠে মোহনবাগান এসজিকে ২-১ গোলে হারিয়ে দিল খালিদ জামিলের দল।
লিগ শিল্ড জয়ের পর এবার মোহনবাগান এসজির লক্ষ্য আইএসএল ট্রফি। লিগ টেবলে ১ নম্বরে থাকায় সরাসারি সেমিফাইনাল খেলার সুযোগ পায় সবুজ মেরুন ব্রিগেড। অন্যদিকে প্লে-অফে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করে জামশেদপুর। ঘরের মাঠে কঠিন প্রতিপক্ষ মোহনবাগান এসজির বিরুদ্ধে ৪-৩-১-২ ছকে খেলতে শুরু করে খালিদ জামিলের দল। অন্যদিকে হোসে মোলিনা দলকে খেলায় পরিচিত ৪-৪-২ ছকে। দুই সেরা অস্ত্র মনবীর সিং ও আপুইয়াকে এই ম্যাচে পাননি মোলিনা।

জেমি ম্যাকলারেনকে প্রথম একাদশে রাখেননি কোচ মোলিনা। জেসন কামিংসের সঙ্গে আক্রমণভাগে শুরু করেন স্টুয়ার্ট। কিন্ত ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে আক্রমণাত্বক ছন্দে খেলতে শুরু করে জামশেদপুর। ম্যাচের শুরুতেই পেনাল্টির আবেদন করে জামশেদপুর। বক্সের মধ্যে আশিস রাইয়ের হাতে বল লাগার দাবি জানায় জামশেদপুর।
কিন্তু ম্যাচে লিড পেতে বেশি সময় নেয়নি জামশেদপুর। ম্যাচের ২৪ মিনিটে সেটপিস থেকে হেডে শুভাশিস বসুকে হারিয়ে হেডে গোল করলেন সিভারিও। কিন্তু পিছিয়ে থেকেও দুরন্ত ভাবে খেলায় প্রত্যাবর্তন করল সবুজ মেরুন ব্রিগেড। ম্য়াচের ৩৪ মিনিটে গোলের খুব কাছে চলে গিয়েছিল মোহনবাগান এসজি। স্টুয়ার্টের ফ্রি কিক ক্রস পিসে লাগে।
ম্যাচের ৩৬ মিনিটে বক্সের কিছুটা বাইরে কামিংসকে অবৈধভাবে ট্যাকেল করেন জামশেদপুরের আশুতোষ মেহেতা। ফ্রি কিক থেকে বিশ্বমানের গোল করলেন কামিংস। খেলার ফল হয় ১-১। এরপরও লিড নেওয়ার সুযোগ পায় সবুজ মেরুন। কিন্তু প্রথম ৪৫ মিনিট শেষে খেলার ফল ছিল ১-১।
দ্বিতীয়ার্ধে মনে করা হয়েছিল আক্রমণের ঝাঁঝ আরও বৃদ্ধি করবে মোলিনার দল। কিন্তু বাগানের বিরুদ্ধে খালিদ জামিল অস্ত্র করলেন প্রণয় হালদার, ঋত্বিক দাসের মতো বঙ্গ সন্তানদের। কাঙ্খিত দ্বিতীয় গোল না ম্যাকলারেন, দিমিত্রিদের নামান কোচ মোলিনা। কিন্তু খালিদের দল রক্ষণে লোক সংখ্যা বৃদ্ধি করে বাগানের আক্রমণ রুখে দিতে থাকে।
ম্যাচের অতিরিক্ত সময়ে ঋত্বিক দাসের পাস থেকে জামশেদপুরের হয়ে জয়সূচক গোলটি করেন জাভি। এই গোলের পরই খালিদ জামিলকে উচ্ছাসে ভাসতে দেখা গেল। এরপর অনিরুদ্ধ থাপার দুরন্ত শট সেভ করলেন জামশেদপুর গোলরক্ষক। ইস্পাত কঠিন মানসিকতা নিয়েই মোহনবাগান এসজিকে হারাল জামশেদপুর।
আগামী সোমবার সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচ। পিছিয়ে থেকেই ঘরের মাঠে নামবে মোহনবাগান এসজি।












Click it and Unblock the Notifications