ISL 2024-25: মাজসেনের পাল্টা কারেলিস, পিছিয়ে পড়েও পাঞ্জাবকে রুখে দিল মুম্বই সিটি এফসি
ISL 2024-25: আইএসএলে চাপ বাড়ছে মুম্বই সিটি এফসির। টানা দ্বিতীয় ম্যাচে হার এড়াতে পারলেও মাত্র এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের।
অন্যদিকে, পাঞ্জাব এফসিও টানা দ্বিতীয় ম্যাচ ড্র করল। যদিও নিজেদের ঘরের মাঠে জেতার আশা আজ জাগিয়েছিল পাঞ্জাব এফসি।

প্রথমার্ধে দাপট নিয়েই খেলেছে পাঞ্জাব এফসি। মাঝমাঠের নিয়ন্ত্রণও নিজেদের দখলেই ছিল তাদের। বেশ কয়েকটি ভালো সুযোগও তৈরি করেছিল। ফিলিপ মরজলিয়াক, লুকা মাজসেন, ইভান নভোসেলেকরা প্রয়াস চালিয়েও গোলমুখ খুলতে পারছিলেন না। মুম্বই সিটি এফসির নিকোলাস কারেলিসের হেড ক্রসবারে প্রতিহত হয়।
বিরতির সামান্য আগে কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় পাঞ্জাব এফসি। আসমির সুলজিক মুম্বইয়ের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল বাড়িয়েছিলেন লুকা মাজসেনের জন্য। প্রথমার্ধের ইনজুরি টাইমে এই বল পেয়ে তা জালে জড়াতে কোনও ভুল করেননি মাজসেন। বিরতিতে এই গোলেই এগিয়ে ছিল পাঞ্জাব।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও মুম্বইয়ের রক্ষণভাগকে পরীক্ষার মুখে ফেলেন সুহেলরা। ৫৮ মিনিটে মুম্বই সিটি এফসি ম্যাচে সমতা ফেরায়। গ্রিক ফরওয়ার্ড নিকোস কারেলিস থ্রু বল পেয়েছিলেন ভ্যান নিয়েফের কাছ থেকে। মুহিত শাবির বলকে বিপন্মুক্ত করার চেষ্টা চালালেও শেষরক্ষা হয়নি। কারেলিসের গোলে ম্যাচ ১-১ হয়।
এরপরও বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল পাঞ্জাব এফসি। ম্যাচের শেষ লগ্নে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগটিও নষ্ট করে তারা। পুলগা ভিডালের ফ্রি কিক থেকে গোল করার সুযোগটি এসেছিল। সুযোগ এসেছিল মুম্বই সিটি এফসির কাছেও। ইনজুরি টাইমেই গোললাইন সেভ করেন সুরেশ মেইতেই। আয়ুষ চিকারার শট বাঁচিয়ে তিনি পাঞ্জাবকে বিপন্মুক্ত করেন।
আজকের ম্যাচ ড্র হওয়ায় ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে মুম্বই সিটি এফসি রইল ষষ্ঠ স্থানে। ১৫ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পাঞ্জাব এফসি রয়েছে আটে। ২৮ জানুয়ারি পাঞ্জাব এফসি দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলবে জামশেদপুর এফসির বিরুদ্ধে। ২৬ জানুয়ারি মুম্বই সিটি এফসি হোম ম্যাচ খেলবে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications