ISL 2024-25: মহমেডান রুখে দিল ওডিশাকে, ইস্টবেঙ্গলের ভাগ্যের লিখন স্পষ্ট হবে মোহনবাগান এসজি-মুম্বই সিটি দ্বৈরথে
ISL 2024-25: ওডিশা এফসির আইএসএল প্লে-অফে ওঠার সম্ভাবনা জোর ধাক্কা খেল। আজ ভুবনেশ্বরে নিজেদের শেষ হোম ম্যাচে ওডিশা গোলশূন্য ড্র করল মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে।
পয়েন্ট তালিকার একেবারে শেষে থাকা দল মহমেডান এদিন ক্লিন শিট বজায় রাখায় কিছুটা হলেও আশা বাড়ল লাল হলুদের। তবে তাদের নজর থাকবে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টের অ্যাওয়ে ম্যাচের দিকে।

আজ ওডিশা বনাম মহমেডান গোলশূন্যভাবে শেষ হলো ঠিকই, কিন্তু তিন পয়েন্ট নিয়েও ফিরতে পারতো মহমেডান। মহমেডান গোলের বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল। তবে ফ্রাঙ্কা বা অ্যালেক্সিস গোমেজরা গোলমুখ খুলতে ব্যর্থ হন।
এই ম্যাচ ড্র করার ফলে ওডিশা এফসির হলো ২৩ ম্যাচে ৩০ পয়েন্ট। তারা সপ্তম স্থানেই রইল। ওডিশা শেষ ম্যাচ খেলবে জামশেদপুর এফসির বিরুদ্ধে, যা ওডিশার অ্যাওয়ে ম্যাচ। জামশেদপুর এফসি আপাতত ২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে রয়েছে চারে। কাল তাদের সামনে কেরালা ব্লাস্টার্স।
ইস্টবেঙ্গলের মতো ওডিশা এফসিকেও তাকিয়ে থাকতে হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি ও মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। নর্থইস্টের ২২ ম্যাচে ও মুম্বইয়ের ২১ ম্যাচে ৩২ পয়েন্ট রয়েছে। তারা পয়েন্ট নষ্ট করলে আশা থাকবে ইস্টবেঙ্গলের। যদিও সেজন্য অস্কার ব্রুজোর দলকে বাকি ২টি ম্যাচে জিততেও হবে।
ইস্টবেঙ্গল টানা তিনটি ম্যাচে জিতেছে। রবিবার তারা ঘরের মাঠে খেলবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ ৮ মার্চ নর্থইস্টের বিরুদ্ধে। সোমবার নর্থইস্টের অ্যাওয়ে ম্যাচ রয়েছে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে।
প্লে-অফে ওঠার নিরিখে সবচেয়ে স্বস্তিতে রয়েছে মুম্বই সিটি এফসি। মুম্বই কাল নিজেদের মাঠে খেলবে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে। এপর তারা খেলবে দুটি অ্যাওয়ে ম্যাচ। কেরালা ব্লাস্টার্স এফসি ও বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications