ISL 2023-24: ব্রিগেডের দিনেই ডার্বি! কখন শুরু হবে বড় ম্যাচ? জানুন ইস্ট-মোহনের খেলার নতুন সময়
আইএসএলের ডার্বি নিয়ে জটিলতার শেষ নেই। কলকাতার বড় ম্যাচ যেন একটা ওয়েব সিরিজের টান টান চিত্রনাট্য। যেখানে পরতে পরতে নাটক এবং পট পরিবর্তন হচ্ছে। ১০ মার্চ আগে থেকেই ডার্বির দিনক্ষণ চূড়ান্ত ছিল, কিন্তু হঠাৎ করেই তৃণমূলের ব্রিগেড সভা ঘোষিত হওয়ায় জটিলতা দেখা যায়। মঙ্গলবার দুপুরে আরও একদফা নতুন আপেডট পাওয়া গেল।
সোমবার রাত পর্যন্ত জানা গিয়েছিল রাত ৯টায় ডার্বি আয়োজন করার বিষয়ে সবুজ সংকেত পেয়েছে। তবে এফএসডিএল আবার ঔ সময়ে বড় ম্যাচ করতে রাজী নয়। তার কারণ সম্প্রচারকারী সংস্থা রাত ৯টায় কোনও স্লট দিতে পারবে না। ফলে ফের নতুন করে জটিলতা তৈরি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক লাল হলুদের এক কর্তা বলেন, 'আমরা ৮.৩০ ম্যাচ শুরু করার কথা এফএসডিএলকে জানিয়েছি, এবার তারা আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।' কলকাতাতেই ডার্বি যে কোনও ভাবে করতে তৎপর ইস্টবেঙ্গল। না হলে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হবে।
সোমবার রাতে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ার পরেই বেঁকে বসে আইএসএলের আয়োজক এফএসডিএল। তাদের দাবি, রাত ৯ টায় ম্যাচ শুরু হলে সেই সময়ে টিভি স্লট দেওয়া যাবে না। খুব বেশি হলে রাত ৮ টা থেকে স্লট দিতে পারে সম্প্রচারকারী সংস্থাটি। সেক্ষেত্রে কলকাতা থেকে ম্যাচ সরিয়ে দেওয়ার প্রস্তাবও ওঠে।
ইস্টবেঙ্গল কর্তারা আগেই রাত ন'টায় খেলা নিয়ে আপত্তির কথা জানিয়েছিলেন। কারণ রাত এগারোটায় খেলা শেষে কী করে সমর্থকরা বাড়ি ফিরবেন, সেই নিয়ে সমস্যা রয়েছে। একমাত্র হাওড়া কিংবা শিয়ালদহ থেকে লাস্ট ট্রেনের পরে বিশেষ ট্রেন ছাড়া হলে সমস্যার সমাধান হতে পারে। এমনিতেই শাসক দলের ব্রিগেডের দিনে বাস পাওয়া নিয়ে সমস্যা হতে পারে।
রাত ৮.৩০ মিনিটে ম্যাচ শুরু হলেও জেলার দর্শকরা সমস্যার মধ্যে পড়বেন, আসলে অনেকগুলি জটিল বিষয়ে আটকে রয়েছে। সব সমস্যাকে সমাধান করেই ঘরের মাঠে ডার্বি আয়োজন করতে হবে লাল হলুদ কর্তাদের। ফলত ডার্বির আগে মাঠের বাইরে যেন একটা ডার্বি খেলতে নেমেছেন ইস্টবেঙ্গল কর্তারা












Click it and Unblock the Notifications