ইংল্যান্ডকে হারাল ইতালি, আইভরি কোস্টের কাছে পরাজিত জাপান

প্রথম থেকেই বেশ রুদ্ধশাস উত্তেজনায় ভরা ছিল ইতালি-ইংল্যান্ড ম্যাচ। ওয়েন রুনির দুরন্ত পাস করে কাজে লাগিয়ে ইতালির জালে বল ঢুকিয়ে দেন ড্যানিয়েন স্টারিজ। তখন ইংরেজদের সে কী উচ্ছ্বাস! কিন্তু ইতালিও ছাড়বার পাত্র নয়। ৩৫ মিনিটের মাথায় ক্লউদিও মার্চিসিও ইতালির পক্ষে গোল শোধ করে দেন। যখন বিরতির বাঁশি বাজে, তখন দু'দেশই ১-১ গোলে রয়েছে।
বিরতির পর খেলতে নেমে যেন একটু বেশিই আগ্রাসী হয়ে পড়ে ইতালি। বারবার চেষ্টা করলেও বলের দখল পেতে হিমশিম খায় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের মাথায় ইতালিকে এগিয়ে নির্ধারক গোলটি করে দেন মারিও বালোতেলি। ৬২ মিনিটের মাথায় ইংল্যান্ডের ওয়েন রুনি চেষ্টা করেছিলেন, কিন্তু ইতালির গোলে বল ঢোকাতে ব্যর্থ হন।
মারিও বালোতেলিকে নিয়ে যে চর্চা ছিল, দেখা গেল তিনি সেই প্রত্যাশা পূরণ করেছেন। এই বিশ্বকাপে যে ক'জন খেলোয়াড় পাদপ্রদীপের আলোয় রয়েছেন, মারিও বালোতেলি হলেন তাঁদের অন্যতম।
আর একটি ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে আইভরি কোস্ট। আফ্রিকার ছোট্ট দেশ আইভরি কোস্টের তরফে দু'টি গোল করেন যথাক্রমে জারভিনহো এবং উইলফ্রিড বনি। জাপানের পক্ষে একমাত্র গোলটি করেন কেইসুকে হোন্ডা। তিনি গোলটি করেন বলেই অন্তত মুখরক্ষা হয় জাপানের। জাপানের তরফে কেইসুকে হোন্ডা ছাড়াও যাঁরা ভালো খেলেছেন, তাঁরা হলেন উচিদা, নাগাতোমো, হাসেবে, ওকাজাকি প্রমুখ। মজার ব্যাপার হল, ফুটবল বিশেষজ্ঞরা এই ম্যাচে বরাবরই বেশি নম্বর দিয়ে আসছিলেন জাপানকে। অথচ সব হিসাব উল্টে দিল আইভরি কোস্ট।












Click it and Unblock the Notifications