ফিফার নির্বাসন ওঠার সম্ভাবনা উজ্জ্বল, তবু ভারতীয় ফুটবলের পরিকল্পনায় বড় ধাক্কা
ভারতীয় ফুটবলের উপর থেকে ফিফার নির্বাসন ওঠার সম্ভাবনা উজ্জ্বল হলো সুপ্রিম কোর্টের আজকের রায়ে। কেন্দ্রীয় সরকারকে নির্বাসন তোলার বিষয়ে সচেষ্ট হতে গত সপ্তাহে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। আজ শুনানির আগেই সুপ্রিম কোর্টকে জানিয়ে দেওয়া হয় ফিফার নির্দেশিকা অক্ষরে অক্ষরে মেনে চলার কথা। এরপরই সুপ্রিম কোর্ট সরিয়ে দিয়েছে তিন সদস্যের প্রশাসকমণ্ডলীকে। তবে এরই মধ্যে ধাক্কা খেল ভারতীয় ফুটবল দলের পরিকল্পনা।

ভারতীয় ফুটবলে বড় ধাক্কা
নির্বাসন কবে উঠবে তা স্পষ্ট নয়। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে এখন থেকে ফেডারেশনের যাবতীয় বিষয় পরিচালনার ভার ন্যস্ত হয়েছে কার্যকরী সাধারণ সচিব সুনন্দ ধরের উপর। এক সপ্তাহ পিছিয়ে গিয়েছে এআইএফএফের নির্বাচনের দিনও। এই পরিস্থিতিতে কবে নতুন কমিটি গঠিত হবে বা নির্বাসন উঠবে তা স্পষ্ট নয়। ফলে ভারতীয় ফুটবলের উপর ফিফার ব্যান থাকায় ভারতের আগামী মাসে যে দুটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ হওয়ার কথা ছিল তা বাতিল করে দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক ফ্রেন্ডলি বাতিল
আগামী বছর এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে ভারত। তারই প্রস্তুতির অঙ্গ হিসেবে সেপ্টেম্বরের ২৪ তারিখ সিঙ্গাপুর ও ২৭ তারিখ ভিয়েতনামের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় দলের। ভিয়েতনামেই খেলাগুলি হবে বলে নির্ধারিত ছিল। গত সপ্তাহেই ভারতীয় ফুটবলকে নির্বাসিত করে ফিফা। ফেডারেশনের কাজকর্ম পরিচালনায় তৃতীয় পক্ষের উপস্থিতি ও হস্তক্ষেপের কারণ দেখিয়ে। এরপরই ভিয়েতনাম ওই দুটি ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করতে পারবে না বলে এআইএফএফকে জানিয়ে দিয়েছে বলে ফেডারেশন সূত্রকে উদ্ধৃত করে দাবি করেছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম।

এআইএফএফকে জানিয়েছে ভিয়েতনাম
উল্লেখ্য, ভারতকে নির্বাসিত করার পর ফিফা সমস্ত মেম্বার অ্যাসোসিয়েশনগুলিকে জানিয়ে দিয়েছিল যাতে কোনওভাবে এআইএফএফের সঙ্গে কেউ ক্রীড়া সংক্রান্ত চুক্তিতে না থাকেন এবং ভারতের কোনও ফুটবল দলের সঙ্গে খেলার আয়োজন করা যাবে না যতদিন পর্যন্ত এআইএফএফের উপর নিষেধাজ্ঞা জারি থাকবে। ফিফার রোষে না পড়তে চাওয়ার কারণেই সঙ্গে সঙ্গে ভিয়েতনামের ফুটবল সংস্থা ভারতের দুটি ম্যাচ বাতিল করে দিল। ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলির জন্য যে উইন্ডো রাখে তাতে যাতে কোনও ম্যাচ আয়োজন হাতছাড়া না হয় সে কারণেই ভিয়েতনামের তড়িঘড়ি এই পদক্ষেপ। ভারতের বদলে অন্য দেশের বিরুদ্ধে ম্যাচ আয়োজনের তোড়জোড়ও শুরু
হয়েছে।

এশিয়ান কাপের প্রস্তুতি পিছিয়ে গেল
এই ম্যাচগুলি ভিয়েতনামের পক্ষে জরুরি চলতি বছরের এএফএফ মিতসুবিসি ইলেকট্রিক কাপের জন্য প্রস্তুতি নিতে। ভারত চেয়েছিল ফিফার যে উইন্ডো সেপ্টেম্বরের ১৯ থেকে ২৭ তারিখের মধ্যে রয়েছে তা থেকেই এশিয়ান কাপের প্রস্তুতি শুরু করে দিতে। ভারতের হেড কোচ ইগর স্টিমাচের চুক্তির মেয়াদ এখনও না বাড়লেও যে দুটি দেশের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি খেলার সুযোগ ছিল তাতে খুশি ছিলেন স্টিমাচ। ফিফা ক্রমতালিকায় ভারত এখন বিশ্বে ১০৪ নম্বরে রয়েছে। সেখানে ভিয়েতনাম রয়েছে ৯৭ নম্বরে। তাদের বিরুদ্ধে নামার আগে ভারত বিশ্বে ১৫৯ নম্বরে থাকা সিঙ্গাপুরের সঙ্গে খেলে নিজেদের শক্তি যাচাই করার পরিকল্পনা সেরেছিল। তবে সেই পরিকল্পনা ধাক্কা খেল।












Click it and Unblock the Notifications