রাজস্থান ইউনাইটেডের জয় ছিটকে দিল এটিকে মোহনবাগানকে, ডুরান্ড কাপের শেষ আটে কারা?
ইমামি ইস্টবেঙ্গলের পর এবার ডুরান্ড কাপ থেকে ছিটকে গেল এটিকে মোহনবাগান। আজ রাজস্থান ইউনাইটেড এফসি ভারতীয় নৌবাহিনী বা ইন্ডিয়ান নেভি ফুটবল দলকে ২-০ গোলে হারিয়ে দেয়। রাজস্থানের এই জয়ই এটিকে মোহনবাগানকে কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে দেয়। মুম্বই সিটি এফসির সঙ্গে বি গ্রুপ থেকে ডুরান্ডের শেষ আটে গেল রাজস্থান।

(ছবি- ডুরান্ড কাপ মিডিয়া)
রাজস্থান ইউনাইটেড আজ ম্যাচের দ্বিতীয়ার্ধে ইউসেউ আট্রিস ও সের্জিও বারবোজা জুনিয়রের গোলে জয়লাভ করে। ফলে তাদের পয়েন্ট দাঁড়ায় ৪ ম্যাচে ৭। মুম্বই সিটি এফসি এবং এটিকে মোহনবাগানও সমসংখ্যক ম্যাচে ৭ পয়েন্ট করে সংগ্রহ করে। মুম্বই সিটি এফসিকে ইমামি ইস্টবেঙ্গল হারালেও গ্রুপ পর্বের শেষে তাদের গোলপার্থক্য ছিল ৬। সেখানে রাজস্থান ইউনাইটেডের মাইনাস (-) ১ এবং এটিকে মোহনবাগানের ২। রাজস্থান ইউনাইটেড ৬টি গোল করেছে, ৭টি গোল হজম কমেছে। সেখানে এটিকে মোহনবাগান ৬টি গোল করেছে, হজম করেছে চারটি। তা সত্ত্বেও রাজস্থান ইউনাইটেড এফসি কোয়ার্টার ফাইনালে গেল।
রাজস্থান ইউনাইটেড নিজেদের শেষ ম্যাচ ড্র করলেও এটিকে মোহনবাগান কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়ে যেত। কিন্তু যেহেতু রাজস্থান ইউনাইটেড এফসির কাছে প্রথম ম্যাচেই পরাজয়ের সম্মুখীন হয়েছিল হুয়ান ফেরান্দোর দল, সে কারণেই সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট থাকা সত্ত্বেও সবুজ মেরুন ছিটকে গেল। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে দুরন্ত জয়ই রাজস্থান ইউনাইটেড এফসিকে খেতাব দখলের লড়াইয়ে রাখল। এই গ্রুপে ইমামি ইস্টবেঙ্গল ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে অভিযান শেষ করে। ইন্ডিয়ান নেভির ঝুলিতে মাত্র ১ পয়েন্ট। রাজস্থান আজ ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে শুরু থেকেই জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্য মরিয়া ছিল। কিন্তু প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৭৩ মিনিট অবধি। লেবাননের স্ট্রাইকার আট্রিসের গোলে এগিয়ে যাওয়ার পর ৮৯ মিনিটে রাজস্থানের ব্যবধান বাড়ে বারবোজার গোলে।
গ্রুপ এ থেকে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে গিয়েছে মহমেডান স্পোর্টিং ও বেঙ্গালুরু এফসি। গ্রুপ সি থেকে শেষ আটে গিয়েছে হায়দরাবাদ এফসি। আজ নেরোকাকে ২-০ গোলে হারিয়ে এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে চেন্নাইয়িন এফসি। গ্রুপ ডি থেকে শেষ আটের টিকিট পেয়ে গিয়েছে ওডিশা এফসি ও কেরালা ব্লাস্টার্স এফসি। কলকাতার দুই প্রধান ছিটকে যাওয়া ডুরান্ড কাপে বাংলার দল হিসেবে টিকে রয়েছে মহমেডান।












Click it and Unblock the Notifications