ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুভেন্তাস ছাড়তে চাইলেও জট ম্যান সিটির অনড় মনোভাবে
কয়েক দিনের মধ্যেই পালাবদল। ট্রান্সফার উইন্ডো যখন বন্ধ হওয়ার দিকে এগোচ্ছে তখন আচমকাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। সাম্প্রতিক পরিস্থিতি ম্যাঞ্চেস্টার সিটিকেও ভাবতে বাধ্য করছে। কিন্তু জট পাকিয়েছে ট্রান্সফার ফি নিয়ে। রোনাল্ডোকে নিয়ে যে শর্ত ম্যাঞ্চেস্টার সিটি রেখেছে তা জুভেন্তাস মানবে কিনা তা নিয়েই তৈরি হয়েছে সংশয়।
|
হ্যারি কেনের সিদ্ধান্তে জোরালো জল্পনা
ইংলিশ প্রিমিয়ার লিগে গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলা খুব করে চাইছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনকে। তাঁকে নিতে ঝাঁপায় ম্যান সিটি। কিন্তু গতকালই টুইট করে হ্যারি কেন জানিয়ে দিয়েছেন, তিনি টটেনহ্যাম হটস্পারেই থাকছেন। এতেই ধাক্কা খায় ম্যান সিটির যাবতীয় পরিকল্পনা। হ্যারি কেনের এই সিদ্ধান্ত ম্যান সিটিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর যোগদান নিয়ে চর্চা জোরালো হতে সহায়তা করে। ইউরোপের কোনও ক্লাবে রোনাল্ডো যেতে পারেন সেই জল্পনা অনেক দিন ধরেই চলছিল। যদিও সপ্তাহখানেক আগেই রোনাল্ডো সংবাদমাধ্যমকে তাঁর দলবদল নিয়ে জল্পনার জন্য দুষে ইঙ্গিত দিয়েছিলেন জুভেন্তাসেই আরও এক বছর কাটানোর। কিন্তু তারপরও জল্পনা ও ধোঁয়াশা বাড়তেই থাকে,কমেনি।
|
জুভেন্তাস ছাড়তে চান সিআর ৭
সূত্রের খবর, রোনাল্ডো নাকি ইতিমধ্যেই তাঁর জুভেন্তাসের সতীর্থদের বলে দিয়েছেন তিনি এই মরশুমেই জুভেন্তাস ছাড়ছেন। যোগ দেবেন ম্যান সিটিতে। এমনকী ম্যান সিটিতে তিনি চুক্তি করে ফেলেছেন বলেও কিছু মহলে খবর রটে যায়। যদিও ব্রিটিশ সংবাদমাধ্যম এমন কোনও খবর নিশ্চিত করেনি। যদিও জুভেন্তাসের হয়ে ইতালিয়ান সেরি আ-র উডিনেসে ম্যাচ গত রবিবার শুরু থেকে খেলেননি সিআর সেভেন। তবে দ্বিতীয়ার্ধে নামেন, ইনজুরি টাইমের তাঁর একটি গোল বাতিলও হয়। গতকাল হাতে চোট পাওয়ায় অনুশীলন থেকেও তাড়াতাড়ি চলে যান। এরই মধ্যে ফুটবল মহলে এই জল্পনাও ছড়িয়ে পড়ে রোনাল্ডোর এজেন্ট ম্যান সিটির কথা বলতে ইংল্যান্ডে গিয়েছিলেন এবং সেখানে কথাবার্তা সেরে ফের তিনি জুভেন্তাসের সঙ্গে কথা বলতে ফিরেও এসেছেন। এমপোলির বিরুদ্ধে ম্যাচই জুভেন্তাসের হয়ে তাঁর শেষ ম্যাচ কিনা তা নিয়ে জল্পনা চলছে।

ম্যান সিটি অনড়
সের্হিও আগুয়েরো বার্সেলোনায় যাওয়ায় তাঁর জায়গায় হ্যারি কেনকে নিতে চাইছিল ম্যান সিটি। কিন্তু কেন হাতছাড়া হওয়ায় রোনাল্ডো নিঃসন্দেহে ভালো অপশন। নরউইচের বিরুদ্ধে ৫-০ গোলে জেতায় পেপ গুয়ার্দিওলা দল নিয়ে খুশি। ফলে ট্রান্সফার উইন্ডো বন্ধের আগে আরও একজন ফরওয়ার্ডকে নিতেই হবে এমন বাধ্যবাধকতা নেই। ফেরান তোরেস নরউইচ ম্যাচে সেন্ট্রাল স্ট্রাইকার পজিশনে খেলেছেন। রাইট উইঙ্গার হিসেবে খেলেছেন গ্যাব্রিয়েল জেসুস। ১৮ বছরের আকাদেমি ফরওয়ার্ড লিয়াম ডেলাপকেও লোনে ছাড়ার পরিকল্পনা এখন নেই ম্যান সিটির।

চুক্তির প্রতিবন্ধকতা
রোনাল্ডোকে নেওয়া সহজও হবে না ম্যান সিটির। কারণ, সিটি কর্তারা রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্দেসকে জানিয়ে দিয়েছেন, সিআর সেভেনকে নিতে জুভেন্তাসকে কোনও ট্রান্সফার ফি দেওয়া হবে না। ফ্রি প্লেয়ার হিসেবেই নিতে পারে। এতেই জট পাকার সম্ভাবনা। কেন না, এমন শর্তে রাজি হবে কিনা জুভেন্তাস সেটাই বড় প্রশ্ন। রোনাল্ডোর যেখানে আরও এক বছরের চুক্তি রয়েছে ক্লাবের সঙ্গে। তাছাড়া রোনাল্ডোকে দলে নিতে হলে কোনও প্লেয়ারকে ছেঁটে ফেলতে হবে ম্যান সিটিকে। রোনাল্ডোর যা বাজারদর তাতে তাঁকে দলে নিতে হলে প্রথম কোপ পড়তে পারে রাহিম স্টার্লিংয়ের উপর। ইউরো কাপে দুরন্ত ছন্দে থাকা স্টার্লিং ইংল্যান্ডের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দলে রয়েছেন। রোনাল্ডোও স্বাভাবিকভাবেই রয়েছেন পর্তুগালের দলে।

রোনাল্ডোর পেপ-টক
এরই মধ্যে, আজ সকালে পেপ গুয়ার্দিওলার সঙ্গে রোনাল্ডোর টেলিফোনে কথা হয়েছে বলেও জানা যাচ্ছে। রোনাল্ডোর জন্য ২৮ মিলিয়ন ইউরো দাবি করতে পারে জুভেন্তাস। ম্যান সিটি ট্রান্সফার ফি দিতে প্রাথমিকভাবে অনড় অবস্থান বজায় রাখলেও, শেষে চমক দিয়ে যাবতীয় জটিলতা কাটিয়ে রোনাল্ডোকে নিতেও পারে ম্যান সিটি। জুভেন্তাসের কোচ ম্যাসিমিলানো আলেগ্রি অবশ্য গোটা প্রক্রিয়ায় রিল্যাক্স থাকতে চাইছেন। তাঁর ভাব এরকম যে, রোনাল্ডো চলে গেলে আরেকজন ভালো মানের ফরওয়ার্ড নেওয়া হবে। জুভেন্তাস ও ম্যান সিটি অবশ্য রোনাল্ডোকে নিয়ে দর কষাকষির আলোচনা শুরু করেনি। তবে এমন খবরও জানা যাচ্ছে যে, ট্রান্সফার ফি নিয়ে শেষে একটা গ্রহণযোগ্য কম্প্রোমাইজও হতে পারে। উল্লেখ্য, ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে আসার পর ১৩৪টি ম্যাচে ১০১টি গোল করেছেন রোনাল্ডো। পর্তুগালের অধিনায়ক ২০০৩ থেকে ২০০৯ সাল অবধি খেলেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ খেতাব জয়ের স্বাদও পেয়েছেন।












Click it and Unblock the Notifications