CFL 2024: মোহনবাগান সুপার জায়ান্টের চরম লজ্জা! কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কাছে পরাজয়
CFL 2024: কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলায় চরম লজ্জার সম্মুখীন হলো মোহনবাগান সুপার জায়ান্ট। তাও লখনউয়ে প্রদর্শনী ম্যাচে ইস্টবেঙ্গল এফসিকে হারানোর কয়েক দিনের মধ্যেই।
আজ ব্যারাকপুর স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্টের খেলা ছিল। সেই ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন ২-১ গোলে হারাল সবুজ মেরুন ব্রিগেডকে। খেলার প্রথমার্ধে কালীঘাটই এগিয়ে ছিল। মোহনবাগান এসজি সমতা ফেরালেও হার বাঁচাতে পারেনি।

ম্যাচের ৩৬ মিনিটে খাঙ্গাম হোরামের গোলের সুবাদে এগিয়ে যায় কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন। ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করেন মোহনবাগান সুপার জায়ান্টের আদিল আবদুল্লাহ। ৭১ মিনিটে পরিবর্ত হিসেবে নামা সৈকত সরকার কালীঘাটের হয়ে জয়সূচক গোলটি করেন।
কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশনের শীর্ষকর্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়। মোহনবাগান সুপার জায়ান্টকে হারানো এই ক্লাবের কাছে স্মরণীয় হয়ে রইল। হাফ টাইমের পর বাগান কোচ ডেগি কার্ডোজে বেশ কয়েকটি পরিবর্তন করেন। তুলে নেওয়া হয় অধিনায়ক সুমিত রাঠিকে। যদিও তারপরও শূন্য হাতেই ফিরতে হলো মোহনবাগান সুপার জায়ান্টকে।
এদিনের ম্যাচের পর মোহনবাগান সুপার জায়ান্ট ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে। কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন ১২ ম্যাচে ১৯ পয়েন্ট দখল করে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। গ্রুপ বি-র শীর্ষে রয়েছে ভবানীপুর, দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল, তিনে ক্যালকাটা কাস্টমস।
এবারের সিএফএলে মোহনবাগান সুপার জায়ান্ট এখনও অবধি চারটি করে ম্যাচ জিতেছে ও ড্র করেছে। এদিন সবুজ মেরুন শিবির তৃতীয় পরাজয়ের সম্মুখীন হলো। গত ১১ অগাস্ট জর্জ টেলিগ্রাফের কাছে ১-২ গোলে হারে মোহনবাগান সুপার জায়ান্ট। তারপর ক্যালকাটা কাস্টমস ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। ২৫ অগাস্ট রেলওয়ে এফসিকে ৮-১ গোলে পরাস্ত করেছিল কার্ডোজোর প্রশিক্ষণাধীন দল। কিন্তু তারপর আজ ফের মুখ থুবড়ে পড়ল সবুজ মেরুন।












Click it and Unblock the Notifications