CFL 2024: কাস্টমস থামাল ইমামি ইস্টবেঙ্গলের বিজয়রথ! বিশ্বজিতের স্ট্র্যাটেজিতে ধাক্কা বিনো জর্জের
CFL 2024: ইমামি ইস্টবেঙ্গলকে আটকে দিল ক্যালকাটা কাস্টমস। আজ নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে গোলশূন্যভাবে শেষ হলো কলকাতা ফুটবল লিগের এই ম্যাচটি।
বড় ম্যাচে জয়ের পর পয়েন্ট নষ্টের বিষয়টি কলকাতা ফুটবল লিগে নতুন নয়। যদিও সেই ধারা পাল্টাতে পারল না লাল হলুদ। টানা তিনটি ম্যাচে জেতার পর এদিন আটকে গেল বিনো জর্জের প্রশিক্ষণাধীন দল।

মোহনবাগান সুপার জায়ান্টকে যুবভারতীর ডার্বিতে ২-১ গোলে হারিয়েছিল লাল হলুদ। কিন্তু দুর্বল ক্যালকাটা কাস্টমসের কাছে গোলশূন্য ড্র করায় ২ পয়েন্ট মাঠে ফেলে এলো ইমামি ইস্টবেঙ্গল। ডার্বিতে কার্ড দেখায় এদিনের ম্যাচে ছিলেন না জোসেফ জাস্টিন।
ডার্বিতে খেলা গোলকিপার দেবজিৎ মজুমদারের জায়গায় এদিন আদিত্য পাত্রকে খেলানো হয়। চোট থাকায় ছিলেন না মহম্মদ রোশাল। ম্যাচের শুরুতেই ২ মিনিটে কাস্টমস বক্সে ঢুকে যান জেসিন টিকে, রেফারি অফ-সাইড দেন । ৫ মিনিটের মাথায় বাঁদিক থেকে হীরা মণ্ডল-জেসিন গোলের সুযোগ তৈরি করলেও গোল হয়নি।
— East Bengal FC (@eastbengal_fc) July 16, 2024
কাস্টমসের রবি হাঁসদার ফ্রি কিক গোলের পাশ দিয়ে বেরিয়ে যায়। প্রথমার্ধের শেষের দিকে ইমামি ইস্টবেঙ্গলের মনোতোষ চাকলাদার একটুর জন্য গোল মিস করেন। দ্বিতীয়ার্ধে সায়ন বন্দোপাধ্যায়, পিভি বিষ্ণুদের নামান লাল হলুদ কোচ বিনো জর্জ। তবুও লাভ হয়নি। একঘেয়ে ছন্নছাড়া ফুটবল খেলে ইস্টবেঙ্গল।
৬৬ মিনিটে কাস্টমস গোলের সুযোগ পেলেও তারা ফ্রি কিকে গোল করতে পারেনি। ম্যাচের শেষদিকে কাস্টমস গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন পিভি বিষ্ণু।
এই প্রথম চলতি কলকাতা লিগে জয়ের রথ থামল ইমামি ইস্টবেঙ্গলের। ড্র করে হতাশ ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ বললেন,"আমরা পরীক্ষা নিরীক্ষায় গেছিলাম। কিন্তু জেতা সম্ভব হলো না। তবে কোনও অজুহাত দেব না। কাস্টমস ভালো খেলেছে আমরাও খেলেছি। পরের ম্যাচে ঘুরে দাঁড়াব আশা রাখছি।"












Click it and Unblock the Notifications