ভারতের ৪ তারকা শ্রীলঙ্কা সিরিজের টেস্ট দল থেকে ছাঁটাই! ঋদ্ধিমান সাহা কী বলছেন?
শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের মাটিতে মার্চে দুই টেস্টের সিরিজ খেলবে ভারত। সেই দলে রাখা হবে না চার তারকাকে, যাঁদের মধ্যে দুই বিশেষজ্ঞ ব্যাটার, একজন পেসার ও একজন উইকেটকিপার রয়েছেন। টিম ম্যানেজমেন্টের ইচ্ছাকে মান্যতা দিচ্ছেন জাতীয় নির্বাচকরা। বিসিসিআই সূত্রে খবর, চার ক্রিকেটারকে ইতিমধ্যে জানিয়েও দেওয়া হয়েছে তাঁদের টেস্ট দলের জন্য ভাবা হচ্ছে না। ঋদ্ধিমান সাহা এই মরশুমে বাংলার হয়ে রঞ্জি খেলবেন না। ইশান্ত শর্মা দিল্লি দল থেকে বাদ পড়েছেন। চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানেরও ভারতের টেস্ট দলে জায়গা ধরে রাখার সম্ভাবনা ক্ষীণ।

চার ক্রিকেটার ছাঁটাই?
বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, কোচ রাহুল দ্রাবিড় ও টিম ম্যানেজমেন্টের সিনিয়র সদস্যদের সঙ্গে আলোচনার পরই এই চার ক্রিকেটারকে জানিয়ে দেওয়া হয়েছে এখন নতুনদের দেখে নেওয়া হবে। শ্রীলঙ্কা সিরিজের দলে তাই তাঁদের রাখা হবে না। রঞ্জিতে ভালো পারফর্ম করলে অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা টেস্ট দলে কামব্যাক করতে পারেন। কিন্তু ঋদ্ধিমান সাহা ও ইশান্ত শর্মার সেই সম্ভাবনা নেই। বয়স তাঁদের ক্ষেত্রে বড় বাধা। ইশান্ত ডিডিসিএ-কে কিছু জানাননি। তবে সূত্রের দাবি, ঋদ্ধিমান টেস্ট দল থেক বাদ পড়ার বার্তা পেয়েই সিএবিকে রঞ্জি থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছেন। ফলে তাঁরা ভারতীয় দলের দীর্ঘ সময়ের সৈনিক থাকলেও সেরা সময় পেরিয়ে এসেছেন বলেই মনে করছেন নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা।

চাপে পূজারা-রাহানে
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারাকে রঞ্জিতে ভালো খেলার পরামর্শ দিয়েছিলেন। তা থেকেই জল্পনা জোরালো হতে থাকে এই দুই তারকার টেস্ট দলে জায়গা ধরে রাখা সম্পর্কে। অজিঙ্ক রাহানে মুম্বইয়ের রঞ্জি দলে থাকলেও তাঁকে খেলতে হবে পৃথ্বী শ-র নেতৃত্বে। পূজারা রয়েছেন সৌরাষ্ট্র দলে। শ্রীলঙ্কা সিরিজের দলে তাঁরা না থাকলে আইপিএলের পর ভারত ইংল্যান্ডে যে একটি টেস্ট খেলতে যাবে তাতেও এই দুই তারকার জায়গা পাওয়ার সম্ভাবনা মোটেই উজ্জ্বল হবে না। কিছুটা অক্সিজেন দিতে পারে রঞ্জির পারফরম্যান্স।

কারা হবেন বিকল্প?
ভারতের টেস্ট দলে চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানের জায়গা নিতে তৈরি শুভমান গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হনুমা বিহারীর মতো ক্রিকেটাররা। ঋষভ পন্থের জায়গাও প্রথম একাদশে নিশ্চিত। চোট পেলে বা ওয়ার্কলোডের কারণে বিশ্রাম দেওয়া হলে কে এস ভরতকেই সুযোগ দেওয়ার পক্ষপাতী নির্বাচকরা। ফলে ব্রাত্য রাখা হবে ৩৭ বছরের ঋদ্ধিমানকে। ইশান্ত শর্মাও দিল্লি দল থেকে বাদ পড়ায় কেরিয়ারের শেষ টেস্ট নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরেই খেলে ফেলেছেন, এটা নিয়ে সংশয় থাকার কথা নয়।

জল্পনা নিয়ে মন্তব্যে নারাজ ঋদ্ধি
ঋদ্ধিমান সাহা অবশ্য এখনও প্রকাশ্যে কিছু বলেননি। শুধু বলেছেন, এর আগেও দল থেকে বাদ পড়া নিয়ে নানা জল্পনা হয়েছিল। এমনকী অপারেশনের পরও কামব্যাক করেছি। ক্রিকেটে বয়স বাধা নয়। ফিটনেস আর পারফরম্যান্স গুরুত্বপূর্ণ। বেন স্টোকসের মতো ক্রিকেটাররাও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান। ফলে একটা মরশুমের জন্যই ব্যক্তিগত কারণে রঞ্জি খেলছি না। এটা নিয়ে তাই জল্পনা অমূলক। ঘাড়ের ব্যথা নিয়েও কানপুরে দ্বিতীয় ইনিংসে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেছি। এখনও দল ঘোষণা হয়নি। আমি ভারতীয় দলের সদস্য হিসেবে যেভাবে প্রস্তুত থাকা দরকার সেভাবেই থাকছি। দল ঘোষণার আগে তাই কোনও জল্পনা নিয়ে মন্তব্যে নারাজ ঋদ্ধিমান। তিনি সাফ বলেছেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট সূত্রকেই প্রশ্ন করা উচিত। টিম ম্যানেজমেন্টের ভেতরের কথা প্রকাশ্যে আনার পক্ষপাতীই নন ভারতীয় দলের বিশ্বস্ত সৈনিক।












Click it and Unblock the Notifications