WPL 2025: মহিলাদের প্রিমিয়ার লিগ শুরুর আগে চমক, অধিনায়ক বদল গুজরাত জায়ান্টসের
WPL 2025: মহিলাদের প্রিমিয়ার লিগ শুরুর কয়েক দিন আগে বড় পদক্ষেপ গুজরাত জায়ান্টসের। বদল করে দেওয়া হলো অধিনায়ক।
বিগত দুই মরশুম গুজরাত জায়ান্টসকে নেতৃত্ব দিয়েছেন বেথ মুনি। অস্ট্রেলিয়ার মুনিকে সরিয়ে সে দেশেরই অলরাউন্ডার অ্যাশলে গার্ডনারকে অধিনায়ক করা হলো।

গার্ডনার এক বিবৃতিতে জানিয়েছেন, গুজরাত জায়ান্টসের অধিনায়ক হতে পেরে সম্মানিত। এই দলের অংশ হতে পেরে এবং অসাধারণ একটি দলকে আগামী সংস্করণে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।
গার্ডনারের কথায়, আমাদের দলে তারুণ্য আর অভিজ্ঞতার ভালো মিশেল রয়েছে। ভারতীয় ক্রিকেটাররাও ভালো। আমি তাঁদের সঙ্গে কাজ করার জন্য় মুখিয়ে রয়েছি। এই দলের সমর্থকদেরও গর্বিত করতে চাই।
অস্ট্রেলিয়ার মহিলা দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার। তিনি সব ফরম্যাটেই দলকে ভরসা দিয়ে থাকেন। সম্প্রতি মেলবোর্নে গোলাপি বলে অ্যাশেজের একমাত্র টেস্টে দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেওয়ার পাশাপাশি মোট ৫ উইকেট নেন। তৃতীয় একদিনের আন্তর্জাতিকে কেরিয়ারের প্রথম শতরানও করেন।
কাফ স্ট্রেইনের কারণে অবশ্য গার্ডনার ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলতে পারেননি। মহিলাদের বিগ ব্যাশ লিগের গত বছরের সংস্করণে তিনি সিডনি সিক্সারসের হয়ে ১৬টি উইকেট দখল করেছিলেন। গার্ডনারের নেতৃত্বে দল সাফল্য পাবে বলে আশাবাদী গুজরাত জায়ান্টসের হেড কোচ মাইকেল ক্লিঙ্গার।
গার্ডনার মুনির মতোই প্রথম থেকে এই দলে রয়েছেন। বেথ মুনি উইকেটকিপিংয়ের পাশাপাশি ওপেন করে থাকেন। মনে করা হচ্ছে, অধিনায়কত্বের ভার আর না থাকায় খোলা মনেই খেলতে পারবেন মুনি। গার্ডনার ডব্লিউপিএলের প্রথম মরশুমে বেশিরভাগ সময়ই গুজরাত জায়ান্টসের সহ অধিনায়কের দায়িত্ব সামলেছেন। এবার তাঁর পদোন্নতি ঘটল।
উল্লেখ্য, গার্ডনার এই মুহূর্তে মেয়েদের ওডিআইয়ে ১ নম্বর অলরাউন্ডার। টি২০ আন্তর্জাতিকে মহিলাদের মধ্যে বিশ্বের ১ নম্বর ব্যাটার মুনি। ফলে তাঁদের উপস্থিতি নিশ্চিতভাবেই গুজরাতকে সমীহযোগ্য করে তুলবে বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।
গুজরাত জায়ান্টস এবারের ডব্লিউপিএলের আগে কোচিং স্টাফেও রদবদল এনেছে। সরানো হয়য়েছে সহকারী কোচ নুশিন আলি খাদিরকে। অব্যাহতি নিয়েছেন মেন্টর মিতালি রাজও। অস্ট্রেলিয়ার সহকারী কোচ ড্যানিয়েল মার্শ হয়েছেন ব্যাটিং কোচ। লখনউ সুপার জায়ান্টসের স্পিন বোলিং কোচ প্রবীণ তাম্বে বোলিং কোচ হয়েছেন।












Click it and Unblock the Notifications