WPL 2024: মুম্বই ইন্ডিয়ান্সের পর প্লে-অফে দিল্লি ক্যাপিটালস! রিচার লড়াই ব্যর্থ, ১ রানে হার আরসিবির
WPL 2024: মুম্বই ইন্ডিয়ান্সের পর মহিলাদের প্রিমিয়ার লিগের প্লে-অফে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস। আজ অরুণ জেটলি স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ১ রানে হারিয়ে।
দুরন্ত লড়াই চালালেন বাংলার রিচা ঘোষ। যদিও রুদ্ধশ্বাস জয় প্লে-অফে পৌঁছে দিল দিল্লি ক্যাপিটালসকে। তিন নম্বর জায়গা দখলের লড়াই হলো জমজমাট।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক মেগ ল্যানিং। নির্ধারিত ২০ ওভারে ওঠে ৫ উইকেটে ১৮১ রান। ল্যানিং ২৯ ও শেফালি ভার্মা করেন ২৩। জেমাইমা রডরিগেজ ৩৬ বলে ৫৮, অ্যালিস ক্যাপসি ৩২ বলে ৪৮ রান করে আউট হন।
শ্রেয়াঙ্কা পাতিল ৪ ওভারে ২৬ রান খরচ করে চার উইকেট দখল করেন। আশা শোভনা পেয়েছেন একটি উইকেট। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৮০ রানে আটকে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। স্মৃতি মান্ধানা ৫, সোফি মলিনিউক্স ৩৩, এলিস পেরি ৩২ বলে ৪৯, সোফি ডিভাইন ২৬ রান করেন।
শেষ ওভারে দরকার ছিল ১৭। জেস জোনাসেনের প্রথম বলেই ছক্কা হাঁকান রিচা। পরের বলে কোনও রান আসেনি। তৃতীয় বলে রান আউট হয়ে যান দিশা কাসাত। চতুর্থ বলে রিচা ২ রান নেওয়ার পর পঞ্চম বলে ফের ছক্কা হাঁকান। শেষ বলে জিততে দরকার ছিল ২, কিন্তু রান আউট হয়ে যান রিচা।
চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে শিলিগুড়ির রিচা করেন ২৯ বলে ৫১ রান। মারিজান কাপ, অ্যালিস ক্যাপসি, শিখা পাণ্ডে ও অরুন্ধতী রেড্ডি একটি করে উইকেট দখল করেন। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ফের পয়েন্ট তালিকার শীর্ষস্থানের দখল নিল দিল্লি ক্যাপিটালস।
দিল্লির নেট রান রেট রেট ০.৯১৮, মুম্বই ইন্ডিয়ান্সের ০.৩৪৩। দুই দলেরই পয়েন্ট ৭ ম্যাচে ১০। আরসিবি ও ইউপি ওয়ারিয়রজের রয়েছে ৭ ম্যাচে ৬ পয়েন্ট করে। নেট রান রেটে এগিয়ে তিনেই আরসিবি। তৃতীয় দল হিসেবে কারা প্লে-অফে যায় তার উত্তর মিলবে কয়েক দিনের মধ্যেই।












Click it and Unblock the Notifications