Women's T20 World Cup 2024: কঠোর পরিশ্রম করেই বিশ্বকাপে অংশ নিচ্ছে ভারত, হরমনপ্রীতদের নিয়ে আশাবাদী লক্ষ্মণ
কয়েক মাস আগেই ভারতীয় পুরুষ দল টি২০ বিশ্বকাপ জিতেছে। এবার ভারতীয় মহিলা দলকে নিয়ে রয়েছে পাহাড় প্রমাণ প্রত্যাশা। আগামী ৪ অক্টোবর থেকে টি২০ বিশ্বকাপে অভিযান শুরু করছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল। তার আগে প্রথম প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারাল ভারতীয় মহিলা দল। যে প্রস্তুতি নিয়ে ভারতীয় দল বিশ্বকাপ খেলতে গিয়েছে তার ভূয়সী প্রশংসা করলেন ভিভিএস লক্ষ্মণ।
প্রথম প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে ভারতীয় দল ৮ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে। ভারতের টপ অর্ডারের ব্যাটিং ফ্লপ হলেও জেমাইমা রডরিগজের হাফসেঞ্চুরি করে দলের মানরক্ষা করেন। তবে জয় পেতে অসুবিধা হয়নি ভারতের। ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রানেই শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলের ইনিংস। ৪ ওভারে ২০ রান দিয়ে তিন উইকেট নেন পূজা বস্ত্রকার।

লক্ষ্মণ বলেছেন, 'যেভাবে ভারতীয় মহিলা দল পরিশ্রমের সঙ্গে প্রস্তুতি নিয়েছে তা অতুলনীয়। ভারতীয় মহিলা দলের প্রস্তুতি দেখে আমি খুবই খুশি এবং গর্বিত। অমল(মজুমদার) দারুনভাবে পরিকল্পনা সাজিয়েছিলেন, যে ক্যাম্পের প্রথম পর্বে তিনি খেলার মানসিক এবং শারীরিক দিকগুলিতে মনোনিবেশ করেছিলেন। তারপর একটি বিরতি দিয়েছিলেন, বিরতি থেকে ফিরে এসে ভারতীয় মহিলা ক্রিকেটাররা খেলার দক্ষতা এবং কৌশলগত দিকে মনোযোগ দেন।'
একইসঙ্গে লক্ষ্মণ বলেন, ভারতীয় মহিলা ক্রিকেট অনেক উত্থান পতনের সাক্ষী থেকেছে। মহিলাদের প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর অনেক নতুন প্রতিভা আমাদের সামনে উঠে এসেছে। যারা ভারতীয় দলেও সুযোগ পেয়েছেন। মহিলাদের প্রিমিয়ার লিগে ভারতীয় ক্রিকেটে এক যুগান্তকারী সিদ্ধান্ত।'
ভারতীয় মহিলা দল এবার টি২০ বিশ্বকাপ জয়ের জন্য অন্যতম দাবিদার। হরমনপ্রীত কৌর, রিচা ঘোষ, স্মৃতি মন্ধনা, শ্রেয়াঙ্কা প্যাটিলদের নিয়ে গঠিত টিম ইন্ডিয়ার শক্তি যথেষ্ট। ভারতের সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো।গ্রুপ এ-তে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ভারতের সামনে কঠিন পরীক্ষা।












Click it and Unblock the Notifications