WFI Elections: নিয়ন্ত্রণ শিথিল হচ্ছে কুস্তির উপর! নির্বাচনী লড়াইয়ে নেই ব্রিজ ভূষণের পরিবারের কোনও সদস্য
WFI Elections: দীর্ঘ জটিলতার পর অবশেষে আগামী ১২ অগস্ট কুস্তি সংস্থায় নির্বাচন হতে চলেছে। সোমবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। দীর্ঘদিন পর কুস্তির লড়াইয়ে নেই ব্রিজ ভূষণ শরণ শিং। ভোটের লড়াইয়ে প্রত্যক্ষভাবে না থাকলেও ভারতীয় কুস্তির উপর যে নিজের রাশ কিছুতেই আলগা করতে চাইবেন না বিজেপি সাংসদ, এটাই ছিল অনুমেয়।
প্রাথমিকভাবে মনে করা হয়েছিল নিজে লড়তে না পারলেও পরিবারের কাউকে পদে বসিয়ে নিজেই নিয়ন্ত্রণের রাশ হাতে রাখবেন। কিন্তু সোমবার সেই জল্পনায় জল ঢাললেন ব্রিজ ভূষণ স্বয়ং। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে হঠাতই আইওএ-র দিল্লির অফিসে হাজির হন বিজেপি সাংসদ। মনে করা হয়েছিল শেষ দিনে বড় কোনও চমক দেবেন প্রাক্তন সভাপতি।

যদিও আইওএ অফিস থেকে বেরিয়ে ব্রিজ ভূষণ শরণ সিং বলেন, 'আজ মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। ২২ রাজ্য সংস্থার প্রতিনিধিরা এখানে এসেছেন। তাদের সঙ্গে দেখা করেছি। অনেকেই মনোনয়ন জমা দিচ্ছেন। তবে সেই তালিকায় আমার পরিবারের কোনও সদস্য নেই। প্রথম নির্বাচন হোক, তারপর যারাই জিতবে তাঁরা আশা করছি ভালো কাজ করবেন।'
রবিবার দিল্লির একটি বিলাসবহুল হোটেলে বৈঠক ডেকেছিলেন ব্রিজভূষণ। সেখানে ২২টি রাজ্য সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে দাবি করেছেন তিনি। বৈঠকে থাকা এক রাজ্য সংস্থার আধিকারিক জানিয়েছেন, অসম, ওড়িশা ও হিমাচল প্রদেশ ছাড়া বাকি সব রাজ্য সংস্থা উপস্থিত ছিল।

রাজ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ভারতীয় কুস্তি ফেডারেশনের বিদায়ী সভাপতি বলেন, ''২৫টির মধ্যে ২২টা সংস্থার প্রতিনিধি বৈঠকে ছিলেন। সোমবার আমরা প্রার্থী ঘোষণা করব। তবে আমার পরিবারের কেউ নির্বাচনে লড়বে না। অনেকে আমাদের ভাগ করার চেষ্টা করেছে। কিন্তু আমরা এক আছি। এই বৈঠকই তারই প্রমাণ।''
সভাপতি, বর্ষীয়ান সহ সভাপতি, চার সহ সভাপতি, সচিব, দুই যুগ্ম সচিব, কোষাধক্ষ্য, পাঁচ কার্যকরী কমিটির সদস্য এই পদগুলিতেই নির্বাচন হবে। কুস্তি ফেডারেশনের বিশেষ সাধারণ সভা তথা নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন হবে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তিও জারি হয়েছে নির্বাচনের।

বিগত দেড় মাসের বেশি সময় ধরে উত্তাল হয়েছিল ভারতীয় কুস্তি। সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে আন্দোলনে নেমেছিলেন সাক্ষী মালিক-বজরং পুনিয়ার মতো দেশের প্রথম সারির কুস্তিগীররা। কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত। এমনকি নির্বাচন নিয়ে আইনি জটিলতারও অবসান হয়েছে।












Click it and Unblock the Notifications