বিরাট কোহলি নতুন বছর শুরু করলেন শতরান হাঁকিয়ে! সচিনের বিশ্বরেকর্ড ছুঁলেন, পেরিয়েও গেলেন কীভাবে?
বিরাট কোহলি বাংলাদেশের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক শতরান পেয়েছিলেন। এবার নতুন বছরও শুরু করলেন ওডিআই শতরান হাঁকিয়ে। আজ গুয়াহাটির বর্ষাপাড়া এসিএ স্টে়ডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে ওডিআই কেরিয়ারের ৪৫তম শতরানটি পেলেন। ২০১৮ সালেও এই মাঠেই তিনি সেঞ্চুরি করেছিলেন।

বিরাট শতরান
১৯.৪ ওভারে দলগত ১৪৩ রানের মাথায় শুভমান গিল আউট হওয়ার পর বিরাট কোহলি ব্যাট করতে নেমেছিলেন। ২৩.১ ওভারে ভারতের ১৭৩ রানের মাথায় আউট হন রোহিত শর্মা। এরপর নিয়মিত ব্যবধানে উইকেটের অপর প্রান্তের ব্যাটাররা সাজঘরে ফিরলেও একদিক আগলে রেখে দলকে বড় রানের দিকে নিয়ে যেতে থাকেন কিং কোহলি। এদিন অর্ধশতরান পূর্ণ করেন ৪৭ বল খেলে। তখনও অবধি তিনটি চার ও একটি ছয় মেরেছিলেন। কোহলির শতরান আসে ৮০ বলে, ১০টি চার ও ১টি ছয়ের সাহায্যে।
|
এক মাসে দুটি সেঞ্চুরি, ছুঁলেন সচিনকে
গত ডিসেম্বরের ১০ তারিখ মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে তিনি খেলেছিলেন ৯১ বলে ১১৩ রানের ইনিংস। ২০১৯ সালের ১৪ অগাস্টের পর সেদিনই প্রথম ওডিআই শতরান এসেছিল কোহলির ব্য়াটে। তারপর টেস্ট সিরিজে রান পাননি। কিন্তু একদিনের আন্তর্জাতিকে টানা দ্বিতীয় শতরানটি তিনি আজ পেয়ে গেলেন আগের শতরান করার ঠিক এক মাসের মাথায়। ১০ ডিসেম্বরের পর আজ ১০ জানুয়ারি তিনি আরও একটি অনবদ্য সেঞ্চুরি হাঁকালেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের হয়ে সর্বাধিক শতরান করার নিরিখে বিরাট পিছনে ফেলে দিলেন সচিনকে। মাস্টার ব্লাস্টার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮টি ওডিআই শতরান করেছিলেন ৮৪টি ম্যাচ খেলে। বিরাট ৪৮তম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে নবম শতরানটি পেলেন।

কিং কোহলিতে মাত মাস্টার ব্লাস্টার
দেশের মাটিতে একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি শতরানের নিরিখে কিং কোহলি ধরে ফেললেন মাস্টার ব্লাস্টারকে। সচিন ১৬৪টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন দেশের মাটিতে। বিরাট এদিন ভারতের মাটিতে ১০২তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই থাবা বসালেন সচিনের সেই বিশ্বরেকর্ডে। গুয়াহাটিতে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট কোহলি শতরান পেয়েছিলেন। ফলে বিরাটই একমাত্র ক্রিকেটার যাঁর দুটি ওডিআই শতরান রইল বর্ষাপাড়া এসিএ স্টেডিয়ামে।

৭৩তম আন্তর্জাতিক শতরান
বিরাট কোহলি যে ফর্মে রয়েছেন তাতে চলতি সিরিজেই তিনি ওডিআইয়ে সবচেয়ে বেশি রান সংগ্রহকারীদের তালিকার প্রথম পাঁচে চলে আসতে পারেন। এদিন খেলা শুরুর আগে অবধি প্রথম পাঁচে আসতে বিরাটের প্রয়োজন ছিল ১৮০ রান। আজ কাসুন রাজিথার বলে স্টাম্প আউট হওয়ার আগে বিরাট করলেন ১১৩ রান। ৮৭ বলের ইনিংস সাজানো ১২টি চার ও ১টি ছক্কা দিয়ে। এদিন আন্তর্জাতিক ক্রিকেটে ৭৩তম আন্তর্জাতিক শতরানটি পেয়ে গেলেন বিরাট।












Click it and Unblock the Notifications