লর্ডসে সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতলেন রোহিত, ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ ভারতের, বিরাটের কামব্যাক
১৯৮৩ সালের বিশ্বকাপ ভারত জিতেছিল লর্ডসে। ২০ বছর আগে ১৩ জুলাই ভারত এখানেই ন্যাটওয়েস্ট ট্রফি জিতেছিল। আজ জিতলে রোহিত শর্মার ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজও পকেটে পুরে ফেলবে। সিরিজের দ্বিতীয় আন্তর্জাতিকে টস জিতে ফিল্ডিং নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। কুঁচকির চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন বিরাট কোহলি।
|
১৮ বছর পর জয়ের লক্ষ্যে
লর্ডসে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ৭টি একদিনের আন্তর্জাতিক খেলেছে। তার মধ্যে ইংল্যান্ড জিতেছে ৩টি, ভারত জিতেছে ৩টি। ২০১১ সালে একটি ম্যাচ টাই হয়েছিল। ২০১৮ সালে শেষবার এই মাঠে দুই দেশের সাক্ষাতে ইংল্যান্ড ৮৬ রানে জিতেছিল। ১৯৮৩ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০০৪ সাল অবধি টানা চারটি ম্যাচ জিতেছিল ভারত। ২০০৪ সালের পর থেকে আর ভারত কখনও লর্ডসে একদিনের আন্তর্জাতিকে জেতেনি।
|
আত্মবিশ্বাসী রোহিত
ওভালের পর লর্ডসেও একদিনের আন্তর্জাতিকে টস জিতে ফিল্ডিং নেওয়া প্রসঙ্গে রোহিত শর্মা বলেন, উইকেটে তুলনায় কম ঘাস থাকলেও আর্দ্রভাব রয়েছে। মাঠের আয়তন অনুযায়ী আমাদের মনে হয়েছে, এখানে রান তাড়া করাই সুবিধাজনক হবে। আগের ম্যাচে ৬ উইকেট নেওয়া জসপ্রীত বুমরাহর প্রশংসা করে হিটম্যান হলেন, যে কোনও ফরম্যাটেই বুমরাহ প্রপার বোলার। ম্যাচের যে কোনও পরিস্থিতিতে তিনি বোলিং করে দলের হয়ে অবদান রাখেন। ফলে তাঁর মতো একজন বোলার দলে থাকা সব সময়ই ভালো। ঋষভ পন্থও উইকেটের পিছনে কয়েকটি ভালো ক্যাচ নিয়েছেন। সেটাও আমাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ হয়েছে।
|
ঘুরে দাঁড়াতে মরিয়া বাটলাররা
আগের ম্যাচে ১১০ রানে অল আউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। ভারত জিতেছিল ১০ উইকেটে। আজ জস বাটলারদের তাই সিরিজ বাঁচানোর লড়াই। টস জিতলে তিনিও বোলিংই নিতেন বলে জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। বাটলার বলেন, উইকেটে যে আর্দ্রভাব রয়েছে সেটা মাথায় রেখে সতর্ক হয়ে খেলতে পারলেই অসুবিধা হবে না। আমরা একই দল নিয়ে নামছি। আগের ম্যাচের হারের কথা ভুলেই নামতে চাইছেন বাটলার। ওভালের ম্যাচটিকে অফৃডে হিসেবে ভাবছেন। ব্যাটিংই তাঁদের প্রধান শক্তি, একটি ম্যাচের ফলাফল নিয়ে তাই খুব বেশি ভাবতে নারাজ। লর্ডসে খেলা সব সময়ই তাঁদের কাছে দারুণ অনুভূতি বলে উল্লেখ করেন ইংল্যান্ড অধিনায়ক।
|
বিরাটের কামব্যাক
আজ যে পিচে খেলা হচ্ছে সেটিতে ইংল্যান্ডের গ্রীষ্মকালে আজই প্রথম কোনও ম্যাচ হচ্ছে। গরমও রয়েছে। ২০১৯ সালের পর থেকে এখানে ৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। প্রথমে ব্যাট করা দল জিতেছে পাঁচটিতে, প্রথমে ফিল্ডিং করা দলের জয়ের সংখ্যা ১টি। জসপ্রীত বুমরাহর স্ত্রী তথা সঞ্চালক সঞ্জনা গণেশন জানিয়েছেন, পিচে কিছুটা ঘাস রয়েছে। উইকেট শুষ্ক, তবে কিছুটা আর্দ্রভাবও রয়েছে। মাঠে ভারতীয় দর্শকদের উপস্থিতির সংখ্যাও বেশ ভালোই রয়েছে। টিকিট সব বিক্রি হয়ে গিয়েছে। ভারতীয় দলে শ্রেয়স আইয়ারের জায়গায় এসেছেন বিরাট কোহলি। কুঁচকির চোট সারিয়ে তিনি দলে এলেন। একনজরে দেখা যাক দুই দলে কারা রয়েছেন-
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল
ইংল্যান্ড- জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ডেভিড উইলি, ক্রেগ ওভার্টন, ব্রাইডন কার্স, রিস টপলি












Click it and Unblock the Notifications