ভারতীয় দলের সবচেয়ে ফিট ক্রিকেটারের নাম জানেন? বিসিসিআইয়ের বিরাট রিপোর্ট প্রকাশ্যে
টি ২০ বিশ্বকাপ অভিযানে নামার জন্য এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল। চোটের কারণে টি ২০ বিশ্বকাপের দল থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। রিজার্ভে থাকা দীপক চাহারের আসন্ন বিশ্বকাপ খেলার সম্ভাবনাও শেষ হয়ে গিয়েছে একই কারণে। ভারতীয় দলের ঠাসা ক্রীড়াসূচি, তারই মধ্যে চোট সমস্যার বাড়বাড়ন্তে প্রশ্ন উঠছে ভারতীয় দল ও এনসিএ-র মেডিক্যাল টিমের ভূমিকা নিয়ে।

ক্রিকেটারদের চোট সংক্রান্ত রিপোর্ট
এরই মধ্যে বিসিসিআইয়ের সিইও হেমাঙ্গ আমিন সামনে এনেছেন একটি বিস্তারিত রিপোর্ট। যাতে দেখা যাচ্ছে বোর্ডের সেন্ট্রাল কনট্রাক্টে থাকা অন্তত ২৩ জন ক্রিকেটারকে ২০২১-২২ মরশুমে কোনও না কোনও সময় যেতে হয়েছে ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে। একমাত্র ব্যতিক্রম প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিং কোহলিকে ফিটনেস বা চোট সমস্যা নিয়ে রিহ্যাবের জন্য একবারও যেতে হয়নি বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সে।

এনসিএ-তে রিহ্যাব
রিপোর্টে উল্লেখ, ২০২১-২২ মরশুমে ৭০ জন ক্রিকেটারের চিকিৎসা চলেছে এনসিএতে। বিভিন্ন রকমের চোট মিলিয়ে সংখ্যাটা ৯৬। এই ৭০ জন ক্রিকেটারের মধ্যে ভারতের সিনিয়র দলের ২৩ জন, ভারতীয় এ দলের ২৫ জন, ভারতের অনূর্ধ্ব ১৯ দলের একজন, সিনিয়র মহিলা দলের ৭ জন ও বিভিন্ন রাজ্যের ১৪ জন ক্রিকেটারের চিকিৎসা ও রিহ্যাব চলেছে এনসিএতে। ভারতের সিনিয়র দলের যে ক্রিকেটারদের এনসিএ-তে রিহ্যাব চলেছে তাঁদের মধ্যে রয়েছেন রোহিত শর্মা (হ্যামস্ট্রিং), লোকেশ রাহুল (হার্নির অস্ত্রোপচারের পর), হার্দিক পাণ্ডিয়া, উমেশ যাদব, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ, ইশান্ত শর্মা, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ময়াঙ্ক আগরওয়াল, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, অজিঙ্ক রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, চেতেশ্বর পূজারা, শিখর ধাওয়ান ও ঋদ্ধিমান সাহা।
বিরাট সবচেয়ে ফিট
বোর্ডের এই রিপোর্ট থেকে জানা গিয়েছে, ক্রিকেটারদের বেশিরভাগই চোট পেয়েছেন মাঠে। সূর্যকুমার যাদবকে ফ্র্যাকচার সারাতে যেতে হয়েছে এনসিএতে। এ ছাড়া অনেকেই বিভিন্ন রকমের ইস্যু নিয়ে বিভিন্ন সময় রিহ্যাবের জন্য সেখানে গিয়েছেন। তবে লক্ষ্যণীয়, বিরাট কোহলির ফিটনেস মন্ত্র। বিশেষজ্ঞরা মনে করছেন, বিরাট বছরভর নিজেকে ফিট রাখতে যেভাবে প্রস্তুতি চালান তাতে তাঁতে হ্যামস্ট্রিং বা পেশির কোনও চোট সমস্যায় পড়তে হয়নি। ২০১৮ সালে বিরাট কোহলি পিঠের চোট, চিকিৎসার পরিভাষায় হার্নিয়েটেড ডিস্ক (herniated disc)-এর জন্য সারের হয়ে কাউন্টি খেলতে পারেননি। তারপর থেকে তিনি নিজেই নিজেকে ফিট রাখতে বছরভর সুর্নিদিষ্ট পরিকল্পনামাফিক প্রস্তুতি নিয়ে চলেছেন। বর্তমান ভারতীয় দলের তিনিই সবচেয়ে বেশি ফিট ক্রিকেটার।

তরুণ ক্রিকেটারদের চোট-আঘাত
মজার ব্যাপার হলো বিরাটের চেয়ে ১০ বছরের ছোট ক্রিকেটারদেরও রিহ্যাব চলেছে এনসিএ-তে। নানাবিধ চোট সমস্যা থেকে মুক্তিলাভের জন্য। এই তালিকায় নাম রয়েছে শুভমান গিল, পৃথ্বী শ, ঋতুরাজ গায়কোয়াড়, ভেঙ্কটেশ আইয়ার, শ্রীকার ভরত, কমলেশ নাগরকোটি, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, কার্তিক ত্যাগী, নভদীপ সাইনি, রাহুল চাহারের মতো তরুণ ক্রিকেটারদের।












Click it and Unblock the Notifications