Vijay Hazare Trophy QF: পাড়িক্কলের শতরানে বরোদাকে হারাল কর্ণাটক, পাঞ্জাবকে ছিটকে দিয়ে শেষ চারে মহারাষ্ট্র
Vijay Hazare Trophy QF: বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল কর্ণাটক। শেষ চারে চলে গেল মহারাষ্ট্রও।
আজ ভদোদরায় হলো দুটি কোয়ার্টার ফাইনাল। বরোদাকে ৫ রানে হারাল কর্ণাটক। অপর কোয়ার্টার ফাইনালে পাঞ্জাবকে ৭০ রানে পরাস্ত করল মহারাষ্ট্র।

মোতি বাগ স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিল ক্রুণাল পাণ্ডিয়ার নেতৃত্বাধীন বরোদা। অস্ট্রেলিয়া সফর থেকে ফিরেই দুরন্ত শতরান পেলেন দেবদত্ত পাড়িক্কল। ময়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন কর্ণাটকের হয়ে ওপেন করতে নেমে ১৫টি চার ও ২টি ছয়ের সাহায্যে পাড়িক্কল ৯৯ বলে ১০২ রান করেন।
কেভি অনীশ তিনে নেমে করেন ৫২ রান। ময়াঙ্ক ৬ রানের বেশি করতে পারেননি। কর্ণাটক ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮১ রান তোলে। রাজ লিম্বানি ও অতীত শেঠ তিনটি করে উইকেট দখল করেন। ১টি করে উইকেট পান লুকমান মেরিওয়ালা ও ক্রুণাল পাণ্ডিয়া।
জবাবে খেলতে নেমে ৪৯.৫ ওভারে ২৭৬ রানে গুটিয়ে যায় বরোদা। ৯টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১২৬ বলে ১০৪ রান করেন ওপেনার শাশ্বত রাওয়াত। তিনে নেমে অতীত শেঠ ৫৯ বলে ৫৬ রান করেন। ক্রুণাল ২৮ বলে ৩০ রান করেন। বাসুকী কৌশিক, প্রসিদ্ধ কৃষ্ণ, অভিলাশ শেট্টি ও শ্রেয়স গোপাল ২টি করে উইকেট দখল করেন।
এদিনের অপর ম্যাচে কোটাম্বি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিল অভিষেক শর্মার নেতৃত্বধীন পাঞ্জাব। মহারাষ্ট্র ৬ উইকেটে ২৭৫ রান তোলে নির্ধারিত ৫০ ওভারে। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ৫ রানের বেশি করতে পারেননি। ১৪টি চারের সাহায্যে ১৩৭ বলে ১০৭ রান করেন আরশিন কুলকার্নি। অঙ্কিত বাওনে করেন ৬০। ২৯ বলে ৫২ রানে অপরাজিত থাকেন নিখিল নায়েক।
১টি মেডেন-সহ ৯ ওভারে ৫৬ রান দিয়ে তিন উইকেট নেন অর্শদীপ সিং। নমন ধীর পান ২টি উইকেট। জবাবে খেলতে নেমে ৪৪.৪ ওভারে ২০৫ রানে শেষ পাঞ্জাব। অর্শদীপ সিং ৩৯ বলে সর্বাধিক ৪৯ রান করেন। আনমোলপ্রীত সিং ৪৮, প্রভসিমরণ সিং ১৪, অভিষেক শর্মা ১৯, রামনদীপ সিং ২ রান করেন। মুকেশ চৌধুরী পান তিন উইকেট। প্রদীপ ধাড়ে ২টি এবং রজনীশ গুরবানি, আরশিন কুলকার্নি, সত্যজিৎ বচ্চাভ ও আজিম কাজী একটি করে উইকেট পেয়েছেন।
কাল গুজরাত খেলবে হরিয়ানার বিরুদ্ধে। এ ছাড়া বিদর্ভের প্রতিপক্ষ রাজস্থান।












Click it and Unblock the Notifications