T20 World Cup: নিউজিল্যান্ডকে হেলায় হারিয়ে চমক আফগানদের, বিরাট-রোহিতের রেকর্ড স্পর্শ গুরবাজ-ইব্রাহিম জুটির
টি২০ বিশ্বকাপে ফের অঘটন। শক্তিশালী নিউজিল্যান্ডকে হেলায় হারিয়ে দিল আফগানিস্তান। বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাঠানদের সামনে ধরাশায়ী কিউয়িরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮৪ রানে বিরাট জয় তুলে নিল আফগানরা, সেইসঙ্গে এই ম্যাচে একাধিক রেকর্ড গড়লেন আফগানিস্তানের ক্রিকেটাররা।
আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান এবং রাহমানুল্লাহ গুরবাজ চলমান টি-২০ বিশ্বকাপে অভিযানে টানা দ্বিতীয়বারের জন্য ওপেনিং জুটিতে ১০০ রান যোগ করে নতুন নজির সৃষ্টি করলেন।। গ্রুপ সি-তে প্রথম ম্যাচে উগান্ডার বিপক্ষে ১২৫ রান করেছিলেন আফগান ওপেনিং জুটি, গুরবাজ এবং ইব্রাহিম গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে তাদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০৩ রান যোগ করেন।

রহমানুল্লাহ গুরবাজ উগান্ডার বিপক্ষে ৭৬ রান করার পর মাত্র ৫৬ বলে ৮০ রান করেন। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৪১ বলে ৪৪ রান যোগ করেন ইব্রাহিম জাদরান। সেই সঙ্গে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় ১ নম্বরে উঠে এলেন কেকেআরের গুরবাজ। ২ ম্যাচে তাঁর রান ১৫৬।
২২ বছর বয়সী এই যুবক দুটি ম্যাচে ১৫৬.৪৫ এর দুর্দান্ত স্ট্রাইক রেট এবং ৭৮.০০ গড় নিয়ে ১৫৬ রান করেছেন। গুরবাজ ইতিমধ্যেই টুর্নামেন্টে টানা দুটি অর্ধশতরান করেছেন এবং চলতি বিশ্বকাপে এই কৃতিত্ব অর্জনকারী প্রথম ব্যাটসম্যান।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরু থেকেই রানের গতি বাড়াতে থাকেন দুই আফগান ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ।
উদ্বোধনী জুটিতে ১০৩ রান যোগ করেন জাদরান ও গুরবাজ। ব্যক্তিগত ৪৪ রানে ম্যাট হেনরির বলে জাদরান বোল্ড হলে ভাঙে এ জুটি। সঙ্গী না পারলেও অনবদ্য এক ফিফটি তুলে নেন গুরবাজ। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন তিনি।
এরপর তিনে নামা আজমতউল্লাহ ওমরজাই ২২ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি দুটি এবং লকি ফার্গুসন একটি উইকেট পান।শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান তোলে আফগানরা।
জবাবে ব্যাট করতে নেমে ১৫.২ ওভারে ৭৫ রানে অলআউট হয়ে গেল নিউজিল্যান্ড। রশিদ খান এবং ফারুকি ৪টি করে উইকেট নিলেন। কোনও কিউয়ি ব্যাটারই এই ম্যাচে প্রতিরোধ গড়ে তুলতে পারলে না। দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করলেন গ্লেন ফিলিপ্স। এই প্রথম বিশ্বকাপের ক্রম তালিকার প্রথম আটের বাইরে থাকা দলের কাছে হারল নিউজিল্যান্ড।












Click it and Unblock the Notifications