T20 World Cup 2024: ৪০ বলে অপরাজিত ৯৪! জোন্সের জোশে কানাডাকে হারিয়ে টি২০ বিশ্বকাপ অভিযান শুরু USA-র
T20 World Cup 2024: দাপুটে জয় দিয়ে টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করল আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। ডালাসে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পরাস্ত কানাডা।
অ্যারন জোন্স চার নম্বরে খেলতে নেমে একাই ঘুরিয়ে দিলেন ম্যাচের মোড়। মাত্র ৪০ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলে অপরাজিত রইলেন তিনি। কেরিয়ারে সর্বাধিক রান করে ম্যাচের সেরা জোন্স।

গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী কানাডার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কানাডা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে। ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৪ বলে ৬১ রান করেন নবনীত ঢালিওয়াল। নিকোলাস কির্টন ৩১ বলে ৫১ রান করেন।
১৬ বলে ৩২ রানে অপরাজিত থাকেন উইকেটকিপার শ্রেয়স মোভ্ভা। আমেরিকার হয়ে বল করেন ৭ জন। আলি খান ৪ ওভারে ৪১, হরমীত সিং ৪ ওভারে ২৭ ও কোরে অ্যান্ডারসন ৩ ওভারে ২৯ রান খরচ করে নেন ১টি করে উইকেট।
জয়ের জন্য ১৯৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ ওভারের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের স্কোর ছিল ২ উইকেটে ৪৮। সেখান থেকে ১৪ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় সুনিশ্চিত করল জোন্সের বিধ্বংসী ব্যাটিং। জোন্স ও আন্দ্রিস গাউসের পার্টনারশিপে উঠল ১৩১ রান, ওভারপিছু রানের গড় ১৪.২৯। টি২০ বিশ্বকাপে শতরানের পার্টনারশিপে এটিই সর্বাধিক রান রেট।
স্টিভেন টেলর আউট হয়েছিলেন ইনিংসের দ্বিতীয় বলেই, খাতা খোলার আগেই। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ১৬ বলে ১৬ রান করেন। গাউস খেলেন ৪৬ বলে ৬৫ রানের ইনিংস। জোন্স ৪টি চার ও ১০টি ছয়ের সাহায্যে ৪০ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন। কোরে অ্যান্ডারসন অপরাজিত থাকেন ৫ বলে ৩ রানে। কলিম সানা, ডিলন হেলিগার ও নিখিল দত্ত ১টি করে উইকেট নিয়েছেন।
ম্য়াচের সেরা জোন্স বলেন, আমাদের দুই দলের দ্বৈরথ হাড্ডাহাড্ডি হয়। জানতাম কানাডা ভালোই খেলবে দলকে জেতাতে পেরে ভালো লাগছে। ২০০ অবধি যে কোনও রান তাড়া করা সম্ভব, এই বিশ্বাস ছিল। পিচ, আউটফিল্ড ভালোই ছিল। পাওয়ারহিটিং আমার পছন্দের। জানি মাঠে নামতে পারলে বড় শট খেলতে পারব। চাপের মুখে নিজের সেরাটা দিয়ে দলকে জেতাতে পারাকেই পছন্দ করি।
আজ রাতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ হবে। ২০১০ সালের পর এই প্রথম। দু-বারের চ্যাম্পিয়নরা অভিযান শুরু করবে পাপুয়া নিউ গিনি ম্যাচ দিয়ে।












Click it and Unblock the Notifications