T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে কোহলিকে ওপেনার হিসেবে চাইছেন সৌরভ, এড়ালেন গোয়েঙ্কা প্রসঙ্গ
T20 World Cup 2024: আগামী মাসেই শুরু টি২০ বিশ্বকাপ। ভারতের দল ঘোষণা হয়ে গিয়েছে। রোহিত শর্মার সঙ্গে যশস্বী জয়সওয়াল, নাকি বিরাট কোহলি? কে ওপেন করবেন তা নিয়ে চলছে চর্চা।
ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় চাইছেন, কোহলিকেই ওপেনারের ভূমিকায় দেখতে।

আইপিএল কেরিয়ারে এবার নিয়ে চতুর্থবার বিরাট কোহলি ছয় শতাধিক রান করেছেন। ২০১৩, ২০১৬, ২০২৩-এর পর চলতি আইপিএলে। আরসিবির প্লে-অফে ওঠার সম্ভাবনা কার্যত নেই। ফলে বাকি ২টি ম্যাচে ১০৩ রান করলে আইপিএলে তাঁর ৮ হাজার রান পূর্ণ হবে।
চলতি আইপিএলে কোহলি ১২ ম্যাচে ৬৩৪ রান করেছেন, সর্বাধিক অপরাজিত ১১৩, গড় ৭০.৪৪, স্ট্রাইক রেট ১৫৩.৫১। ১টি শতরান ও পাঁচটি অর্ধশতরান রয়েছে। এবারের আইপিএলে বিরাটের যা স্ট্রাইক রেট তা তাঁর কেরিয়ার স্ট্রাইক রেটের (১৩১.৬৪) চেয়ে বেশি তো বটেই, আইপিএলের প্রতিটি মরশুম ধরলেও সেরা। ২০১৬ সালে বিরাটের স্ট্রাইক রেট ছিল ১৫২.০৩।
সৌরভ বলেন, বিরায় অসাধারণ খেলছেন। গতকাল যেভাবে দ্রুত ৯০ রানে পৌঁছে গেলেন তারপর তাঁকে অবশ্যই টি২০ বিশ্বকাপে ওপেনার হিসেবেই খেলানো উচিত। তাঁর শেষ কয়েকটি আইপিএল ইনিংস আউটস্ট্যান্ডিং। ফলে টি২০ বিশ্বকাপে তাঁর ওপেন করাই যথার্থ হবে।
২০০৭ সালে প্রথম টি২০ বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপর আর জিততে পারেনি। টি২০ বিশ্বকাপে ভারতের আইসিসি ট্রফি জয়ের দীর্ঘ খরা কাটে কিনা সেদিকেই তাকিয়ে সকলে। ভারতীয় দল নিয়ে সৌরভ বলেন, খুব ভালো দল হয়েছে। যতটা পারা যায় সেই অনুযায়ী সেরা দলই বেছে নেওয়া হয়েছে। ব্যাটিং বিভাগে যেমন গভীরতা রয়েছে, তেমন বোলিং শক্তিও বেশ ভালো।
সৌরভের কথায়, এই মুহূর্তে বিশ্বের সেরা জোরে বোলার জসপ্রীত বুমরাহ। কুলদীপ, অক্ষর, সিরাজের অভিজ্ঞতা রয়েছে। সবমিলিয়ে আদর্শ কম্বিনেশন। এখন টি২০-তে হামেশাই ২৫০ উঠছে। সৌরভ বলছেন, টি২০ এখন পাওয়ার-ওরিয়েন্টেড গেম। ফলে এই ট্রেন্ড আগামী দিনেও চলবে। থিতু না হয়ে শুরু থেকেই চালিয়ে খেলতে হবে।
ভারতে ব্যাটিং উইকেট, মাঠের বাউন্ডারি বড় না থাকা ও ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মকেই আইপিএলে বড় রান ওঠার কারণ হিসেবে মনে করছেন সৌরভ। এর মধ্যেও বুমরাহ ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন, ইকনমি ৬.২০। সৌরভ বলেন, বোলারদের আরও দক্ষ হতে হবে। যেমন বুমরাহ, কুলদীপ, অক্ষররা সব ফরম্যাটেই ভালো বল করেন, আইপিএলেও।
টি২০ বিশ্বকাপের দলে উইকেটকিপার হিসেবে সঞ্জু স্যামসন ও ঋষভ পন্থকে নেওয়া সঠিক সিদ্ধান্ত বলে অভিহিত করেন মহারাজ। তাঁর কথায়, দীনেশ কার্তিক ভালো খেললেও তাঁর চেয়েও ভালো ক্রিকেটার রয়েছেন। পন্থ, সঞ্জুকে বাদ দেওয়া যায় না।
লোকেশ রাহুলের সঙ্গে লখনউ সুপার জায়ান্টস কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার আচরণ সমালোচিত হচ্ছে। সৌরভ বলেন, স্ক্রিনগ্র্যাবের ভিত্তিতে কিছু বলা ঠিক হবে না। আমি জানি না তাঁদের মধ্যে কী কথা হয়েছিল। ফলে এই প্রসঙ্গে কিছু বলা সমীচীন নয়।












Click it and Unblock the Notifications