T20 World Cup 2024: নেদারল্যান্ডসের বিরুদ্ধে অঘটন এড়াল দক্ষিণ আফ্রিকা, পরিত্রাতা ডেভিড মিলার
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে অঘটন এড়াল দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১০৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রোটিয়ারা।
যদিও ডেভিড মিলারের অভিজ্ঞতার কাছে হার মানলেন ডাচ বোলাররা। তিনি দায়িত্বশীল অর্ধশতরান হাঁকিয়ে ম্যাচ জেতালেন। এই মাঠেই কাল ভারত-পাকিস্তান ম্যাচ রয়েছে। আজকের দ্বৈরথ পিচের মান নিয়ে প্রশ্ন জোরালো করে দিল।

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে দক্ষিণ আফ্রিকা ফিল্ডিং নিয়েছিল। নেদারল্যান্ডস ৯ উইকেট হারিয়ে ১০৩ রান তোলে। সিব্রান্ড এঙ্গেলব্রেখট ৪৫ বলে ৪০, লোগান ভান বিক ২২ বলে ২৩ রান করেন।
অটনিয়েল বার্টম্যান ৪ ওভারে ১১ রান দিয়ে চার উইকেট নেন। মার্কো জানসেন ৪ ওভারে ২০ ও আনরিখ নরকিয়া ৪ ওভারে ১৯ রান দিয়ে ২টি করে উইকেট নেন। জবাবে খেলতে নেমে ৪.৩ ওভারে ১২ রানের মধ্যে চার উইকেট হারায় এইডেন মার্করামের দল।
প্রথম বলেই ডায়মন্ড ডাক নিয়ে ফেরেন কুইন্টন ডি কক। একটিও বল না খেলে রিজা হেন্ডরিকসের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন তিনি। রিজা ১০ বলে ৩, অধিনায়ক মার্করাম ৩ বলে ০ এবং হেইনরিখ ক্লাসেন ৭ বলে ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
সেখান থেকে পঞ্চম উইকেট জুটিতে ৬৫ রানের পার্টনারশিপ গড়েন ট্রিস্টান স্টাবস ও ডেভিড মিলার। ১৬.২ ওভারে স্টাবস ফেরেন দলের ৭৭ রানের মাথায়। ৮৮ রানে পড়ে ষষ্ঠ উইকেট। ১৭.৫ ওভারে ভান বিকের বলে বোল্ড হয়ে যান মার্কো জানসেন।
দক্ষিণ আফ্রিকা জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ১৮.৫ ওভারে। জয় এলো চার উইকেটে। তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৫১ বলে ৫৯ রানে অপরাজিত রইলেন ডেভিড মিলার। বাস ডি লিডের বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান মিলার। ১৯তম ওভারে পাঁচ বলে তিনি দুটি ছয়-সহ ১৮ রান নেন। কেশব মহারাজ ১ বলে ০ শূন্য রানে নট আউট থাকেন।
নেদারল্যান্ডসের ভিভিয়ান কিংমা ১টি মেডেন-সহ ৪ ওভারে ১২ রান দিয়ে নেন ২ উইকেট। ভ্যান বিক ৪ ওভার হাত ঘুরিয়েছেন, ১টি মেডেন, ২১ রান দিয়ে নেন ২ উইকেট। ২ ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ডি থেকে সুপার এইটে যাওয়া কার্যত নিশ্চিত করে ফেলল প্রোটিয়ারা। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিনে নেদারল্যান্ডস। নেট রান রেটে এগিয়ে থেকে দুইয়ে বাংলাদেশ।












Click it and Unblock the Notifications