T20 World Cup 2024: ক্লাসেন ফ্যাক্টরেই টি২০ বিশ্বকাপ ফাইনালে হারবে দক্ষিণ আফ্রিকা? ভারতের হাসি হতে পারে চওড়া
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ ফাইনালে আজ বার্বাডোজের কেনসিংটন ওভালে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। সকাল থেকেই ভালো রোদ উঠেছে।
দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের ৩২ বছর পর কোনও বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এখনও অবধি তারা কোনও ম্যাচে হারেনি চলতি টি২০ বিশ্বকাপে। কিন্তু ফাইনালে প্রোটিয়াদের উদ্বেগে রাখবে বিরাট পরিসংখ্যান।

পরিসংখ্যান বলছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে শেষ তিনটি টুর্নামেন্টে ফাইনাল খেলেছেন হেইনরিখ ক্লাসেন। যদিও সব কটিতেই হেরেছে তাঁর দল। এবারের টি২০ বিশ্বকাপ ফাইনালের দলেও ক্লাসেন থাকবেন। সেটাই ভারতের হাসি চওড়া করতে পারে।
গত বছরের ৩০ জুলাই ডালাসে মেজর লিগ ক্রিকেটের ফাইনালে এমআই নিউ ইয়র্ক ২৪ বল বাকি থাকতে ৭ উইকেটে হারিয়েছিল সিটল ওরকাসকে। সিটল ওরকাসের অধিনায়ক ছিলেন ওয়েন পার্নেল। এই দলে ছিলেন কুইন্টন ডি ককও। তিনি ৫২ বলে ৮৭ করেছিলেন। যদিও চারে নেমে ৭ বলে ৪ রান করে রশিদ খানের বলে বোল্ড হয়ে যান ক্লাসেন।
এরপর গত ১০ ফেব্রুয়ারি কেপ টাউনে সানরাইজার্স ইস্টার্ন কেপ ৮৯ রানে ডারবান সুপার জায়ান্টসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সেই দলের অধিনায়ক ছিলেন এইডেন মার্করাম, যিনি আজ টি২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন। ওই ফাইনালে ডারবানের হয়ে নেমে ক্লাসেন ১ বলে ০ রানে আউট হয়ে গিয়েছিলেন।
গত ২৬ মে চেন্নাইয়ে আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে ৫৭ বল বাকি থাকতে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন সানরাইজার্সে ছিলেন মার্করাম, ক্লাসেন। মার্করাম ২৩ বলে ২০ রানে আউট হন। ক্লাসেন ১৭ বলে ১৬ রান করে বোল্ড হয়েছিলেন হর্ষিত রানার বলে।
চলতি টি২০ বিশ্বকাপে ক্লাসেন শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১৯, নেদারল্যান্ডস ম্যাচে ৪, বাংলাদেশের বিরুদ্ধে ৪৬, নেপালের বিরুদ্ধে ৩, আমেরিকার বিরুদ্ধে অপরাজিত ৩৬, ইংল্যান্ড ম্যাচে ৮, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২২ রান করেন। আফগানিস্তান ম্যাচে তাঁকে ব্যাট করতে নামতে হয়নি। কিন্তু শেষ তিন ফাইনালে ক্লাসেনের ট্র্যাক রেকর্ড মার্করামদের কাছে চিন্তার। অপয়া তকমা যাতে জাঁকিয়ে না বসে, তা নিশ্চিত করার চ্যালেঞ্জ ক্লাসেনেরই।












Click it and Unblock the Notifications