T20 World Cup 2024: সাতে টি২০ বিশ্বকাপ জয়, তবে খেলেননি একটিতেও! ভারতীয় স্পিনারের কীর্তি স্পর্শের দৌড়ে এবার ৩
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ ফাইনালে কাল বার্বাডোজে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা এই প্রথম কোনও বিশ্বকাপের ফাইনাল খেলবে।
ভারত এর আগে খেলেছে ২০০৭ ও ২০১৪ সালে। প্রথম টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন, দশ বছর আগে রানার-আপ। আপাতত ভারত দ্বিতীয়বার টি২০ বিশ্বকাপ জয় থেকে এক ধাপ দূরে। তারই মধ্যে সামনে এলো আকর্ষণীয় কিছু বিষয়।

২০০৭ সালে ভারতের যে দল বিশ্বকাপ জিতেছিল তাঁদের মধ্যে একজন বাদে সকলেই অবসর নিয়েছেন। রোহিত শর্মাই একমাত্র ক্রিকেটার যিনি ২০০৭, ২০১৪-র পর ২০২৪-এর টি২০ বিশ্বকাপে খেলতে চলেছেন। ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ দলের অনেকেই এখন ধারাভাষ্যের সঙ্গে যুক্ত।
গৌতম গম্ভীর ভারতের কোচ হওয়ার দৌড়ে। অজিত আগরকর এখন নির্বাচক প্রধান। যোগিন্দর শর্মা পুলিশের চাকরি করেন। মহেন্দ্র সিং ধোনি, পীযূষ চাওলা এবারের আইপিএল খেলেছেন। দীনেশ কার্তিকও এবারের আইপিএলের পরই অবসর ঘোষণা করেছেন। ইউসুফ পাঠান এখন তৃণমূল সাংসদ।
২০০৭ সালের টি২০ বিশ্বকাপজয়ী দলে আর যাঁরা ছিলেন তাঁরা হলেন যুবরাজ সিং (সহ অধিনায়ক), হরভজন সিং, ইরফান পাঠান, বীরেন্দ্র শেহওয়াগ, রুদ্রপ্রতাপ সিং, এস শ্রীসন্থ ও রবিন উথাপ্পা। আরপি সিং সম্প্রতি প্রতিভা অন্বেষণের জন্য বেঙ্গল প্রো টি২০ লিগ দেখতে ইডেনেও হাজির ছিলেন।
২০০৭ সালে ভারতের যে দল টি২০ বিশ্বকাপ জিতেছিল তার মধ্যে একমাত্র পীযূষ চাওলাই সেবারের বিশ্বকাপে একটি ম্যাচেও ভারতীয় একাদশে ছিলেন না। এবার ভারত যদি চ্যাম্পিয়ন হয় তাহলে নিশ্চিতভাবে সেই সংখ্যা ১ থেকে বেড়ে ২ হবে, কিংবা ৩।
নিউ ইয়র্কে ভারত যে ম্যাচগুলি খেলেছে তাতে মহম্মদ সিরাজ খেলছিলেন। ওয়েস্ট ইন্ডিজ পর্বে এসেই কুলদীপ যাদবকে ভারত খেলাচ্ছে। পরপর ম্যাচ অপরিবর্তিত একাদশ নিয়েই নামছেন রোহিত শর্মারা। ফাইনালেও সেই সম্ভাবনাই বেশি। হলেও একটি বদল হতে পারে।
শিবম দুবে সেমিফাইনালে হতাশ করেছেন। এই অবস্থায় দুবেকে বাদ দিয়ে সঞ্জু স্যামসন বা যশস্বী জয়সওয়ালকে খেলানোর দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। একটি ম্যাচেও হিট হয়নি বিরাট কোহলি ও রোহিত শর্মার ওপেনিং জুটি। ২০১৪ সালের টি২০ বিশ্বকাপ ফাইনালে তিনে নেমে সর্বাধিক রান করেছিলেন কোহলি।
কাল ভারতীয় একাদশে যদি কোনও বদল না হয় এবং ভারত চ্যাম্পিয়ন জেতে তাহলে ১৫ জনের দলে থাকা তিন ক্রিকেটার টি২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য হবেন একটিও ম্যাচে না খেলেই। ২০০৭ সালে পীযূষ চাওলার ক্ষেত্রে যা হয়েছিল, তা কি এবার হবে যশস্বী, স্যামসন ও যুজবেন্দ্র চাহালের ক্ষেত্রে? উত্তর মিলবে শনিবারের বার্বাডোজেই।












Click it and Unblock the Notifications