T20 World Cup 2024: ভারত-ইংল্যান্ড সেমিফাইনালে ব্যাঘাত ঘটাবে বৃষ্টি? ম্য়াচ ভেস্তে গেলে ফাইনালে যাবে কারা?
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে বৃহস্পতিবার গায়ানায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। যদিও সেই ম্যাচ বৃষ্টিতে ব্যাহত হতে পারে।
দুটি সেমিফাইনালের জন্যই অতিরিক্ত ২৫০ মিনিট করে ধার্য রয়েছে। তবে ম্যাচ ভেস্তে গেলেও ভারতের স্বস্তি রয়েছে। রোহিত শর্মারাই সেক্ষেত্রে চলে যাবেন ফাইনালে।

২০২২ সালের টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ এবার রোহিত শর্মাদের সামনে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত তিনবার টি২০ বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছে। রোহিত শর্মার নেতৃত্বে খেলবে দ্বিতীয়বার। ২০২২ সালের পর ফের এবার।
ধোনির নেতৃত্বে ভারত ২ বার টি২০ বিশ্বকাপ ফাইনাল খেলেছে। ২০০৭ সালে জিতেছিল, হেরে গিয়েছিল ২০১৪ সালে। ২০১৩ সালের পর চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোনও আইসিসি ইভেন্টে ভারত চ্যাম্পিয়ন হতে পারেনি। রোহিত শর্মারা যে ছন্দে রয়েছেন তাতে গতবারের বিশ্বকাপের পর এবারও আশায় ভক্তরা।
গায়ানার প্রভিডেন্সে অবশ্য আবহাওয়া মোটেই ভালো নয়। আদ সেখানে বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯৪ শতাংশ। কাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সম্ভাবনা ৫২ শতাংশ। ২৭ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ভারত-ইংল্যান্ড ম্যাচটি রয়েছে। সেদিনও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবার বৃষ্টিপাতের ৬৮ শতাংশ সম্ভাবনার কথা জানানোর পাশাপাশি বলা হয়েছে দুপুরের দিক থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ফলে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা থাকছে। প্রথম সেমিফাইনালে কার্যত রিজার্ভ ডে থাকলেও দ্বিতীয় সেমিফাইনালে নেই।
প্রথম সেমিফাইনালটি যদি বৃষ্টিতে বন্ধ হয়, তাহলে খেলা বন্ধের নির্ধারিত সময়ের চেয়েও ১ ঘণ্টা অপেক্ষা করা হবে। তাতে খেলা করানো না গেলে পরের দিন, অর্থাৎ ২৭ জুন স্থানীয় সময় বেলা ২টো থেকে ১৯০ মিনিটের মধ্যে বাকি খেলার বন্দোবস্ত করা যাবে। দ্বিতীয় সেমিফাইনালের ক্ষেত্রে ম্যাচের দিনই নির্ধারিত শেষের সময় থেকে অতিরিক্ত ২৫০ মিনিট অপেক্ষা করা হবে খেলা করানোর জন্য।
ভারত চলতি টি২০ বিশ্বকাপে অপরাজেয়। সুপার এইটেও গ্রুপশীর্ষে থেকেছেন রোহিত শর্মারা। অপর গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড পেয়েছে দ্বিতীয় স্থান। টুর্নামেন্টের আগে থেকেই ঠিক করা রয়েছে ভারতের সেমিফাইনালটি দ্বিতীয় সেমিফাইনাল হিসেবে গণ্য হবে। তার কারণ ম্যাচটি ভারতীয় দর্শকদের সুবিধামতো রাত ৮টা থেকে আয়োজন করা যাবে।
এই আবহে দ্বিতীয় সেমিফাইনাল ভেস্তে গেলে সুপার এইটে গ্রুপের ১ নম্বর দল হওয়ার সৌজন্যে ভারত চলে যাবে ফাইনালে। প্রথম সেমিফাইনালের ক্ষেত্রে একই কারণে সুবিধাজনক অবস্থানে দক্ষিণ আফ্রিকা।












Click it and Unblock the Notifications