T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে অপ্রতিরোধ্য দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডকে হারিয়ে কার্যত সেমিফাইনালে
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে অশ্বমেধের ঘোড়া ছুটিয়ে কার্যত সেমিফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। সেন্ট লুসিয়ায় সুপার এইটের ম্যাচে তারা জিতল গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, বাংলাদেশ ও নেপালকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর সুপার এইটের ম্যাচে আমেরিকাকে হারায় ১৮ রানে। তারপর এদিনের ৭ রানে জয়।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা ৬ উইকটে ১৬৩ রান তোলে। চারটি করে চার ও ছয়ের সাহায্যে ৩৮ বলে ৬৫ রান করেন ওপেনার কুইন্টন ডি কক। সুপার এইটে তিনি টানা দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন। চারটি চার ও ২টি ছয়ের সাহায্যে ডেভিড মিলার ২৮ বলে ৪৩ রান করেন।
রিজা হেন্ডরিকস ১৯, হেইনরিখ ক্লাসেন ৮, অধিনায়ক এইডেন মার্করাম ১ রানে আউট হন। ট্রিস্টান স্টাবস ১১ বলে ১২ রানে অপরাজিত থাকেন। মার্কো জানসেন ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। কেশব মহারাজ ২ বলে ৫ রানে অপরাজিত থাকেন।
জোফ্রা আর্চার প্রথম ওভারে ২১ রান দিলেও শেষ অবধি ৪ ওভারে ৪০ রানের বিনিময়ে তিন উইকেট নেন। মঈন আলি ৩ ওভারে ২৫ ও আদিল রশিদ ৪ ওভারে ২০ রান দিয়ে ১টি করে উইকেট পান।
জবাবে খেলতে নেমে ফিল সল্ট ৮ বলে ১১, জনি বেয়ারস্টো ২০ বলে ১৬, অধিনায়ক জস বাটলার ২০ বলে ১৭, মঈন আলি ১০ বলে ৯ রান করেন। ১০.১ ওভারে ৬১ রানে চার উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা চালান হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোন।
১৭.২ ওভারে ১৩৯ রানে পড়ে পঞ্চম উইকেট। তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৭ বলে ৩৩ রান করে কাগিসো রাবাডার দ্বিতীয় শিকার হন লিভিংস্টোন। ব্রুক ৩৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন। শেষ ওভারে জেতার জন্য ইংল্যান্ডের দরকার ছিল ১৪। প্রথম বলেই হ্যারি ব্রুকের উইকেট তুলে নেন আনরিখ নরকিয়া। দুরন্ত ক্যাচ ধরেন মার্করাম। ব্রুক করেন ৩৭ বলে ৫৩।
ইংল্যান্ড ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রানের বেশি যেতে পারেনি। স্যাম কারান ৭ বলে ১০ ও জোফ্রা আর্চার ২ বলে ১ রানে অপরাজিত থাকেন। কেশব মহারাজ চার ওভারে ২৫ ও কাগিসো রাবাডা ৪ ওভারে ৩২ রান দিয়ে ২টি করে উইকেট নেন। অটনিয়েল বার্টম্যান ও নরকিয়া পেয়েছেন একটি করে উইকেট।
সুপার এইটে ২ ম্যাচে ৪ পয়েন্ট হলো দক্ষিণ আফ্রিকার। নেট রান রেট ০.৬২৫। ইংল্যান্ডের ২ ম্যাচে ২ পয়েন্ট। নেট রান রেট ০.৪১২। বাটলারদের শেষ ম্যাচ আমেরিকার বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার সামনে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ।












Click it and Unblock the Notifications