সিডনিতে চূড়ান্ত অব্যবস্থায় ভারতীয় দল অসন্তুষ্ট! অনুশীলনের পর খাবারই জুটল না বিরাট-রোহিতদের
টি ২০ বিশ্বকাপে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজই প্রথমবার অনুশীলন করল ভারতীয় দল। যদিও ফিরতে হলো তিক্ত অভিজ্ঞতা নিয়ে। দীর্ঘ অনুশীলনের পর খাবারই জুটল না! স্বাভাবিকভাবেই এমন অব্যবস্থায় যারপরনাই বিরক্ত মেন ইন ব্লু। প্র্যাকটিসের পর ভারতীয় দলের জন্য এমন অব্যবস্থার ঘটনা ঘিরে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে।
|
সিডনিতে অব্যবস্থা
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, ঐচ্ছিক অনুশীলনের শেষে মধ্যাহ্নভোজ সারতে গিয়ে ক্রিকেটাররা দেখেন যা খাবার রাখা রয়েছে তা একে গরম নেই, অপর্যাপ্তও। ড্রেসিংরুম মেনুতে রাখা ছিল ফল, ফালাফেল। সেইসঙ্গে লেখা ছিল নিজেরা স্যান্ডউইচ বানিয়ে নিন। যা স্বাভাবিকভাবেই অসন্তোষ বাড়ায় ভারতীয় দলের। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে সে কথা ভারতীয় দলের তরফে জানিয়েও দেওয়া হয়।

খাবার জুটল না ভারতীয় দলের
ভারতের অপশনার প্র্যাকটিস সেশনে হাজির ছিলেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, দীনেশ কার্তিক, ঋষভ পন্থ, লোকেশ রাহুল, মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর ও দীপক হুডা। ছিলেন সাপোর্ট স্টাফরাও। অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, হার্দিক পাণ্ডিয়া ও অর্শদীপ সিংকে আজ বিশ্রাম দেওয়া হয়েছিল। উপস্থিত সাংবাদিকদের ভারতীয় দলের এক সদস্য জানান, খাবার মোটেই ভালো ছিল না। প্র্যাকটিসের পর শুধু স্যান্ডউইচ খেয়ে থাকা যায় না। মাঠে বিশ্রাম নেওয়ার সময় কেউ কেউ ফালাফেল খেলেও সকলে ঠিক করেন হোটেলে ফিরেই মধ্যাহ্নভোজ সারবেন।

অনুশীলনও করবে না ভারত
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের আগে কাল ভারতীয় দল অনুশীলন করবে না। সেটাও বাধ্য হয়ে। কেন না, আইসিসি ভারতের প্র্যাকটিসের বন্দোবস্ত করেছিল ব্ল্যাকটাউনে। যেটা টিম হোটেল থেকে ৪২ কিলোমিটার দূরে। বৃহস্পতিবার সিডনিতে দুটি ম্যাচ রয়েছে। ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচের পাশাপাশি রয়েছে দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচ। দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের প্র্যাকটিস সেশন কাল সিডনি ক্রিকেটে গ্রাউন্ডে রাখা হলেও ভারতকে কেন অত দূরে প্র্যাকটিসে যেতে বলা হলো তা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন।

আইসিসির সূচি মেনে চলা সম্ভব নয়
২০২১ সালে অস্ট্রেলিয়া সফররত ভারতীয় দলের শিবির হয়েছিল ব্ল্যাকটাউনে। সেখানে অলিম্পিক পার্কে ছিলেন বিরাট কোহলিরা। কিন্তু ম্যাচের আগে এতটা দূরে যাতায়াতের ধকল এড়াতেই প্র্যাকটিস বাতিল করেছে টিম ইন্ডিয়া। অনেক আগেই আইসিসি বিভিন্ন দলকে জানিয়ে দেয় কোথায় কবে অনুশীলন করতে হবে, কোন শহর থেকে কোথায় কবে যেতে হবে ইত্যাদি। কিন্তু তা হুবহু মানা হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট দলই।












Click it and Unblock the Notifications