Syed Mushtaq Ali Trophy 2023: অসমের কাছে লজ্জার হার! সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে বিদায় বাংলার
Syed Mushtaq Ali Trophy 2023: বিশ্বকাপ আয়োজনে চূড়ান্ত ব্যর্থ সিএবি। ঘরোয়া ক্রিকেট মরশুমের প্রথম বড় টুর্নামেন্টেও ব্যর্থতাই সঙ্গী বাংলার। আজই মোহালিতে বাংলা বিদায় নিল সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে।
সবচেয়ে লজ্জার বিষয়, কোয়ার্টার ফাইনালে অসমের মতো দলের কাছে হেরে বিদায় নিতে হলো লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন দলের। জাতীয় দলে খেলা ক্রিকেটারদের উপস্থিতিতে এই ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল উপযুক্ত পরিকল্পনা না করলে রঞ্জি ট্রফি জেতার স্বপ্ন না দেখাই ভালো।

লক্ষ্মীরতন শুক্লা, সৌরাশিস লাহিড়িদের মতো প্রাক্তন ক্রিকেটারদের রেখে সাজানো কোচিং স্টাফ। এই টুর্নামেন্টে খেলতে নামার আগে পর্যাপ্ত অনুশীলনেরও সুযোগ পেয়েছে বাংলা। কিন্তু বাংলা দলে সেই ঝাঁঝটাই যেন নেই। এই দলের থেকে আর কোনও প্লেয়ার জাতীয় দলে খেলার মতো মানের কিনা সেই প্রশ্নও উঠে গেল।
টস জিতে ফিল্ডিং নিয়েছিল অসম। বাংলা ২০ ওভারে ৮ উইকেটে ১৩৮ রান তোলে। করণ লাল ২০ বলে সর্বাধিক ২৪ রান করেন। অভিমন্য়ু ঈশ্বরণ ২১, অভিষেক পোড়েল ২৩, অধিনায়ক সুদীপ ঘরামি ১, রণজ্যোৎ খাইরা ৪, ইমপ্যাক্ট সাব শাকির হাবিব গান্ধী ১২, ঋত্ত্বিক রায়চৌধুরী ১৪, শাহবাজ আহমেদ ৫ রান করেন। কৌশিক মাইতি ২১ ও আকাশ দীপ ৭ রানে অপরাজিত থাকেন।

আকাশ সেনগুপ্ত ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন তিন উইকেট। রিয়ান পরাগ ৪ ওভার হাত ঘুরিয়ে ২৩ রান খরচ করে তুলে নেন ২ উইকেট। মৃন্ময় দত্ত, শিবশঙ্কর রায় ও সৌরভ দে পেয়েছেন একটি করে উইকেট। জবাবে খেলতে নেমে ১৭.৫ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অসম। যার ফলে শেষ হয়ে যায় বাংলার সেমিফাইনালে ওঠার স্বপ্ন।
ঋষভ দাস ৩১ ও দেনিশ দাস ১০ রান করেন। ২টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৩১ বলে ৫০ রানে অপরাজিত থাকেন অধিনায়ক রিয়ান পরাগ। ইমপ্যাক্ট সাব বিশাল রায় ৩৬ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন। মুকেশ কুমার ৪ ওভারে ২৯ রান দিয়ে ও শাহবাজ আহমেদ ৪ ওভারে ৩০ রান দিয়ে একটি করে উইকেট নেন। আকাশ দীপ ৩.৫ ওভারে ৩২, ঈশান পোড়েল ৪ ওভারে ৩১ ও কৌশিক মাইতি ২ ওভারে ১৮ রান দিয়ে কোনও উইকেট পাননি।
(ছবি- ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল ফেসবুক)












Click it and Unblock the Notifications