বিরাটের শততম টেস্টে কোন প্রত্যাশা সুনীল গাভাসকরের? মোহালিতে কোহলির টেস্ট রেকর্ড কেমন?
বিরাট কোহলি শততম টেস্ট খেলতে চলেছেন মোহালিতে। দ্বাদশ ভারতীয় হিসেবে। পরিসংখ্যান বলছে, কেরিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন বিশ্বের ৯ জন ক্রিকেটার। তবে সেই তালিকায় নেই কোনও ভারতীয়। ২০১৯ সালে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে শতরান হাঁকানোর পর থেকে আর শতরান আসেনি বিরাটের ব্যাটে। সেই খরা মোহালিতে মেটার প্রত্যাশায় সকলেই।

শতরানের প্রত্যাশা
সুনীল গাভাসকরও চান, বিরাট শততম টেস্টের মাইলস্টোনটি শতরান করেই স্মরণীয় রাখুন। মোহালিতে খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। ফলে বিরাটের শততম টেস্ট মাঠে বসে দেখতে পারবেন না সাধারণ দর্শকরা। বিষয়টি হতাশাজনক বলেও মন্তব্য করেছেন সানি। তিনি বলেন, আমার আশা বিরাট শততম টেস্ট শতরান দিয়েই সেলিব্রেট করবেন। বেশি ব্যাটার এই নজির গড়তে পারেননি। কলিন কাউড্রে প্রথম শততম টেস্টে সেঞ্চুরি করেছিলেন। জাভেদ মিয়াঁদাদ করেছেন, অ্যালেক স্টুয়ার্ট করেছেন। শততম টেস্ট অনেকেই খেলেছেন, কিন্তু সেঞ্চুরি পেয়েছেন মাত্র কয়েকজন। আমি নিজেও হাফ ভলি খেলতে গিয়ে ৪৮ রানে স্কোয়্যার লেগে ক্যাচ দিয়ে ফিরেছিলাম।

অনন্য অনুভূতি
গাভাসকরের কথায়, শততম টেস্ট খেলা একটা দারুণ অনুভূতি। এটা নিঃসন্দেহে একটা বড় কৃতিত্ব। ছেলেবেলায় সকলে যখন খেলা শুরু করে তখন তাদের লক্ষ্য থাকে দেশের হয়ে খেলা। একটা নির্দিষ্ট সময় অবধি দেশের হয়ে খেলার স্বপ্ন দেখেন সকলেই। সেই সুযোগ এলে এবং সাফল্য এলে একটার পর একটা বছর অতিবাহিত হয়। এরপরই চলে আসে শততম টেস্ট। টেস্ট ক্রিকেটে বিরাটের রেকর্ড দারুণ। তবে অন্য ফরম্যাটগুলিতেও তাঁর চমকপ্রদ পারফরম্যান্স রয়েছে।

মোহালিতে কোহলি
২০১৩ সালের ১৪ মার্চ বিরাট প্রথমবার মোহালি টেস্ট খেলার সুযোগ পান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই টেস্টে বিরাটের রান ছিল যথাক্রমে ৬৭ অপরাজিত এবং ৩৪। ২০১৫ সালে ৫ নভেম্বর মোহালিতে নিজের দ্বিতীয় টেস্টটি খেলেন বিরাট, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই টেস্টে তাঁর রান ছিল যথাক্রমে ১ ও ২৯। ২০১৬ সালের ২৬ নভেম্বর থেকে ভারত মোহালি টেস্টে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের। বিরাট করেছিলেন ৬২ ও অপরাজিত ৬। ফলে মোহালিতে অর্ধশতরান পেলেও টেস্ট শতরান আসেনি বিরাটের ব্যাট থেকে। অধিনায়কত্বের বোঝা কাঁধ থেকে নামার পর বিরাটের ব্যাটে সেই বহুকাঙ্ক্ষিত শতরানটি আসে কিনা সেটাই দেখার।

শতরানের খরা
২০১৯ সালের নভেম্বরে কলকাতা টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে বিরাট ১৯৪ বলে ১৩৬ রান করেছিলেন। তারপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে দুটি টেস্টে তাঁর রান ছিল যথাক্রমে ২, ১৯, ৩ ও ১৪। ওই বছরের শেষে অস্ট্রেলিয়ায় অ্যাডিলেড টেস্টে বিরাট করেন ৭৪ ও ৪। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাই ও আমেদাবাদে চারটি টেস্টে বিরাটের রান পরপর সাজালে দাঁড়ায় এরকম- ১১, ৭২, ০, ৬২, ২৭ ও ০। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিনশিপের ফাইনালে তাঁর রান ছিল ৪৪ ও ১৩। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কোহলির রান ছিল যথাক্রমে ০, ৪২, ২০, ৭, ৫৫, ৫০ ও ৪৪। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্টে তিনি করেন ০ ও ৩৬। দক্ষিণ আফ্রিকা সফরে ৩৫, ১৮, ৭৯ ও ২৯। ২০২০ সালে তিনটি টেস্টে বিরাটের গড় ১৯.৩৩। ২০২১ সালে ১১ টি টেস্টে গড় ২৮.২১। ২০২২ সালে একটিই টেস্ট খেলেছেন, গড় ৫৪।












Click it and Unblock the Notifications