Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে রেকর্ডগুলি ভাঙা যাবে না, একনজরে দেখে নিন বিস্তারিত তালিকা
Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০০৮ সালে। কিন্তু তিনি এমন কিছু রেকর্ড গড়ে গিয়েছেন যা এখনও কেউ ভাঙতে পারেননি। ভবিষ্যতেও ভাঙার সম্ভাবনা ক্ষীণ।
সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ত্রিপুরার পর্যটনের মুখ। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট। এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক, সৌরভের অনবদ্য কিছু রেকর্ড ও তাঁর সম্পর্কে অজানা তথ্য।

সৌরভ গঙ্গোপাধ্যায়ই একমাত্র ক্রিকেটার যিনি টানা চারটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছিলেন। ১৯৯৭ সালে টরন্টোয় সাহারা কাপে পাকিস্তানের বিরুদ্ধে। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম চারটি ম্যাচেই জিতেছিল ভারত। সিরিজ জেতে ৪-১ ব্যবধানে। ২২২ রান করার পাশাপাশি ১৫ উইকেট নেন মহারাজ।
একদিনের আন্তর্জাতিকের ওপেনিং জুটিতে সর্বাধিক রান যোগ করেছেন সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়। যার ধারেকাছে কেউ নেই। সচিন-সৌরভ ওপেনিং জুটিতে ১৩৬টি ওডিআই ইনিংসে ৬৬০৯ রান করেছেন। তাঁদের পরে রয়েছে অ্যাডাম গিলক্রিস্ট ও ম্যাথু হেডেনের জুটি। এই অজি ওপেনাররা ১১৪ ইনিংসে ৫৩৭২ রান তুলেছেন।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌরভের শতরানের সংখ্যা তিনটি। পরে শিখর ধাওয়ান, হারশেল গিবস ও ক্রিস গেইলও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি করে শতরান করেন। তবে কেউই সৌরভের রেকর্ড ভাঙতে পারেননি। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে প্রথম ভারতীয় হিসেবে শতরান হাঁকান সৌরভ। ২০০০ সালে নাইরোবিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
সেই ম্যাচে ১৩০ বলে অধিনায়কোচিত ১১৭ রান করেছিলেন সৌরভ। যদিও নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সৌরভের এই রানই সর্বাধিক। ১৯৯৯ সালে আইসিসি বিশ্বকাপে সৌরভ টনটনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৩ রানের ইনিংস খেলেছিলেন। যা ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক।
সৌরভই একমাত্র ক্রিকেটার যিনি তাঁর প্রথম টেস্ট ইনিংসে শতরান হাঁকিয়েছেন এবং কেরিয়ারের শেষ টেস্ট ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন। টেস্টে তাঁর ব্যাটিং গড় কখনও ৪০-এর নীচে নামেনি। টেস্টে তাঁর ব্যাটিং গড় ৪২.১৭, ওডিআইয়ে ৪১.০২। টেস্টে ১৬টি, ওডিআইয়ে ২২টি শতরান রয়েছে মহারাজের।
সৌরভ বাঁহাতে ব্যাট করলেও বোলিং করেন ডান হাতে। লেখা, খাওয়া-দাওয়া-সহ সব কিছুই ডান হাত দিয়েই করেন। জানা গিয়েছে, দাদার ক্রিকেটীয় সরঞ্জাম ব্যবহারের জন্যই তিনি বাঁহাতে ব্যাটিং রপ্ত করেন। সৌরভ ক্রিকেটার না হলে ফুটবলার হতেন। ফুটবল খেলতেন। ফুটবল নিয়ে প্রেম আজও অটুট। দাদা স্নেহাশিসের জায়গাতেই তিনি রঞ্জি ট্রফির দলে আসেন।












Click it and Unblock the Notifications