সৌরভ আমার 'বড় ভাই', কলকাতা আমারও শহর! পুজো উদ্বোধন সেরে আবেগাপ্লুত কৃতজ্ঞ হরভজন
সৌরভ গঙ্গোপাধ্যায় এবং হরভজন সিং- দুজনের নাম বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে থাকলেও শেষ অবধি গতকাল এই পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন মিঠুন মানহাস।
সম্ভাবনা থাকলেও হরভজনকে বোর্ডের অফিস বেয়ারার করা হয়নি। গতকাল সৌরভের শহরেই হাজির ছিলেন হরভজন। টালিগঞ্জের অশোকনগর পার্কের পুজোর উদ্বোধনে।

এই পুজো উদ্বোধনে গতকাল রাতে হরভজনের সঙ্গে হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। হরভজনকে দেখার জন্য মণ্ডপে জনতার ঢল নামে। কলকাতায় দুর্গাপুজোর উদ্বোধনের সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান বলেও উল্লেখ করেছেন ভাজ্জি।
আজ আনুষ্ঠানিকভাবে সিএবি সভাপতির পদে বসছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এ জন্য মহারাজকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর টিম ইন্ডিয়ার বিশ্বস্ত সৈনিক। হরভজনের মন্তব্যে এমন আভাসও মিলেছে বোর্ড সভাপতি হওয়ার দৌড়ে তিনি কখনও সৌরভের সঙ্গে যুদ্ধে নামতেন না। কেন না, নিজের কেরিয়ারে সৌরভের অবদানের কথা মনে রেখেছেন হরভজন। সৌরভের কথা উঠলেই ভাজ্জির বক্তব্যে প্রকাশ পেল ভালোবাসা, শ্রদ্ধা, সম্ভ্রম, কৃতজ্ঞতা।
হরভজন বলেন, দাদা আমার বড় ভাই। দাদার প্রসঙ্গে একটা কথা আমি বলে থাকি যে, কারও খারাপ সময়ে হাত ধরার মতো এমন মানুষের প্রয়োজন রয়েছে জীবনে। তাঁকে আমি খুব সম্মান করি। আজ তাঁর শহরে এসেছি। কলকাতা আমারও শহর। কেন না, কলকাতার ইডেনই আমাকে তৈরি করেছে।
দুর্গাপুজোর উদ্বোধন করে আপ্লুত আপের রাজ্যসভার সাংসদ ভাজ্জি বলেন, এখানে দুর্গাপুজোর উদ্বোধনে আসার সুযোগ পেয়ে ভাগ্যবান মনে হচ্ছে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস খুব সম্মান দিলেন। কলকাতায় এলেই খুব ভালোবাসা পাই। মা দুর্গা সকলকে আশীর্বাদ, কৃপা দিন। সকলকে খুশিতে রাখুন। সকলে সুস্থ থাকুন। দুর্গাপুজোর উৎসবের জন্য সকলে অধীর অপেক্ষা করে থাকেন। পাঞ্জাব, মুম্বই- সব জায়গাতেই দুর্গাপুজো হয়। এখানে বড় উৎসব। আমার সৌভাগ্য এখানে এসে সকলের সঙ্গে দেখা হলো।












Click it and Unblock the Notifications