ডুমুরজলায় অত্যাধুনিক স্পোর্টস আকাদেমি গড়বে সিএবি, সভাপতি হিসেবে ফিরেই বড় ঘোষণা সৌরভের
সিএবি সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে আজ দায়িত্ব নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সচিব পদে ফিরলেন বাবলু কোলে। সহ সভাপতি নীতীশ রঞ্জন দত্ত, যুগ্ম সচিব মদন ঘোষ, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস।
বাইপাসের ধারের হোটেলে বার্ষিক সাধারণ সভার পর সকলেই চলে আসেন ইডেন গার্ডেন্সে। সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ নতুন পদাধিকারীদের স্বাগত জানাতে সুসজ্জিত ছিল ক্রিকেটের নন্দনকানন।

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, সিনিয়ররা আছেন। অ্যাপেক্স কাউন্সিলের ১১ জন রয়েছেন। যাঁরা আমাকে এই জায়গায় আসতে সাপোর্ট করেছেন তাঁরা আছেন। ঝুলন গোস্বামী, মনোজ তিওয়ারি, লক্ষ্মীরতন শুক্লার মতো প্রাক্তন ক্রিকেটাররা রয়েছেন। সকলে মিলে বসেই আগামীর পরিকল্পনা ঠিক করব। অনেকে বলেন, বাংলার ক্রিকেটে এটা নেই, ওটা নেই, স্নেহাশিস গঙ্গোপাধ্যায় কিন্তু এদিনই মনে করান ২০১৯ ও ২০২২ সালে রঞ্জি ফাইনাল খেলেছে বাংলা। আমরা গাইড করতে পারি। আমি টেস্টে বা বাংলার হয়ে ব্যাট করতে পারব না। আমরা হেল্প করতে পারি। খেলবেন প্লেয়াররা।
ডুমুরজলায় ৯ একর জায়গায় বিশ্বমানের স্পোর্টস আকাদেমি গড়বে সিএবি। জানিয়েছেন সৌরভ। এই আকাদেমি গড়তে সিএবি ৩০ কোটি টাকা দিয়েছে এটার জন্য। পরে স্টেডিয়াম গড়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। ২০২৬ সালের টি২০ বিশ্বকাপের পর সেনাবাহিনীর অনুমতি নিয়ে ইডেনে সংস্কার কাজ হবে বলেও জানান সৌরভ।
মহারাজের কথায়, আমার ডানদিক-বাঁদিকে অনেকে আছেন যাঁরা পদে না থেকেও সাপোর্ট করেন। সকলে সিএবি চালাবেন। এতো খেলা হয়, এতো লিগ। পরিকাঠামো আছেই। সামান্য কিছু অদলবদল করতে হয়। বাবলু কোলে আমার চেয়েও বেশি সিএবি প্রশাসন চালিয়েছেন। তিনজন নতুন। কোনও রকেট সায়েন্স নেই। ভিশন চলবে। ক্রিকেটে দুটি মূল বিষয়- পরিকাঠামো ও সুযোগ এবং অনুশীলন। অনুশীলনে যদি কিছু সমস্যা থাকে সেখানেই দরকার গাইডেন্স।
সিএবি এজিএমের আগে নানা বিতর্ক তৈরির চেষ্টা হয়েছিল। সৌরভ এ সবে আমল দেননি। তিনি বলেন, সমস্যা সব কিছুতেই থাকে। লোধা হওয়ার পর বিসিসিআই চলেছে, সিএবিও চলবে।
নভেম্বরে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের দিকে তাকিয়ে সৌরভ। বললেন, আগে টেস্ট ম্যাচ আছে দক্ষিণ আফ্রিকার। ওরা বিশ্বচ্যাম্পিয়ন, ভারতের বিরুদ্ধে খেলবে। আমি টেস্ট ম্যাচের লোক, টেস্ট ম্যাচ খেলে বড় হয়েছি। এটা নিয়ে আমার খুব আগ্রহ। তারপর বিশ্বকাপ আছে, আইপিএল আছে, অনেক ম্যাচই হবে। বিসিসিআইয়ের হবু সভাপতি মিঠুন মানহাসকে শুভেচ্ছাও জানান সৌরভ। বলেন, বিসিসিআই বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড। অনেক দিন ধরে খেলেছেন দিল্লির হয়ে। আশা করি, মানহাস ভালোভাবেই বোর্ড চালাবেন।












Click it and Unblock the Notifications