Sourav On Hilsa: মহারাজের হাতে 'মাছের রাজা'! সৌরভ রাঁধুনি-বেশে পদ্মার ইলিশ ভেজে খোলসা করলেন পছন্দের পদ
Sourav On Hilsa: যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধতে পারেন। এই প্রবাদটিকে একটু বদলে লেখাই যায়, যিনি ব্য়াটিং করেন, তিনি রান্নাও করতে পারেন।
সচিন তেন্ডুলকর-সহ অনেক ক্রিকেটারকেই দেখা গিয়েছে রাঁধুনি-বেশে। আদ সেই তালিকায় নিজের নাম লেখালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

একটি তেল প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ এদিন হাজির ছিলেন ইলিশ উৎসবের বিজয়ীদের উৎসাহ প্রদানে। সেখানেই হাতে নিতে হলো বিশালাকার পদ্মার ইলিশ। সৌরভ বলে ফেললেন, এভাবে মাছ প্রথম ধরলাম। এরপর ছিল আরও চমক।
রীতিমতো শেফের ভূমিকায় দেখা গেল মহারাজকে। এই ভূমিকাতেও প্রথম। সৌরভ নিজের হাতে ইলিশ মাছ ভাজলেন। ডেকে নিলেন এক প্রবীণাকে। দাদা মজা করে বললেন, ব্যাটিংয়ের সময়ও নন-স্ট্রাইকিং এন্ডে একজন থাকতেন। এখানেও মাছ ভাজতে ওই প্রবীণার পরামর্শ নিলেন মহারাজ।
সৌরভ বিরিয়ানি পছন্দ করেন তা সকলেরই জানা। তবে তিনি বড় ইলিশ-ভক্ত়। ইলিশ মাছের কড়ুই, ইলিশ মাছ ভাজা তাঁর পছন্দের। তবে সবচেয়ে বেশি পছন্দের সর্ষে-ইলিশ। সৌরভের কথায়, সর্ষের সঙ্গে ইলিশের অনেক গুণাগুণ রয়েছে। শরীরের পক্ষে ভালো। তাই খেতে কোনও অসুবিধা নেই।
সৌরভের কথায়, ছুটির দিনে দুই বেলাতেই ইলিশ খান। তবে কাজের দিনে খান শুধু রাতে। বাড়িতে প্রায়ই ইলিশ মাছ রান্না হয়। বিশেষ করে বর্ষাকালে। মায়ের বয়স যখন কম ছিল তিনি রাঁধতেন। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের হাতের ইলিশ মাছের পদও খেয়েছেন সৌরভ।
সৌরভের বাড়ির রাঁধুনি রয়েছেন ৩০ বছর ধরে। তাঁর হাতে ইলিশের পদের বড় ফ্যান সৌরভ। তবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কিংবা সব্জি সহযোগে ইলিশের পদ রাঁধার বিশেষ চল নেই বেহালার বাড়িতে। সৌরভ জানালেন, ইলিশ ভাজাও তিনি খান। এমনিতে ভাত বেশি খান না। তবে ইলিশ মাছ থেকে ভাতের সঙ্গেই খেয়ে থাকেন।
বাংলাদেশের পরিস্থিতিতে পদ্মার ইলিশ এবার কতটা বাঙালির পাতে পড়বে তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে। তবে সৌরভের আশা, পরিস্থিতি ক্রমেই ভালো হবে। ইলিশও আসবে। বাংলাদেশে খেলতে গিয়েও ইলিশের নানা পদ খেয়েছিলেন সৌরভ। ২ অক্টোবর তাঁর বাংলাদেশে যাওয়ার কথা আছে বলেও জানালেন। তবে আইসিসি মহিলাদের বিশ্বকাপ সরালে দাদার সেই বাংলাদেশ সফর হয়তো হবে না।
সৌরভ এদিন বলেন, যখন অনুশীলন, ট্রেনিং চলতো তখন শরীর থেকে অনেক কিছুই ঝড়তো। ফলে তখন খাওয়া-দাওয়ায় খুব বেশি বিধিনিষেধ ছিল না। বিশেষ করে বর্ষাকালে বাজার থেকে ভালো ইলিশ এনে তার পদ রান্না করা গঙ্গোপাধ্যায় পরিবারের হামেশাই হয়। ফলে ভারতীয় দলে থাকাকালীনও ইলিশ খাওয়া বন্ধ হয়নি। এর বিশেষ খাদ্যগুণও ক্রীড়াবিদদের পক্ষে ভালো বলে জানান সৌরভ।
সৌরভ জানান, তাঁর বাড়িতে শুধু বাংলার ক্রিকেটার নন, ভারতীয় দলের অনেক সতীর্থও যখন আপ্যায়িত হয়েছেন তাঁদের জন্য থেকেছে ইলিশের পদ। সৌরভের অনেক সতীর্থও ইলিশ পছন্দ করেন। সৌরভ বললেন, মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতের অনেকেই মাছ পছন্দ করেন। ইলিশ মাছও আছে তাঁদের পছন্দের তালিকায়।
সৌরভ সঞ্চালিত দাদাগিরিতে যেমন থাকে গুগলি, তেমন এক প্রশ্নও এলো সৌরভকে উদ্দেশ করে। ইলিশ না চিংড়ি কোনটা দাদার বেশি পছন্দ? সৌরভ স্ট্রেট ব্যাটেই জবাব দিলেন। বললেন, প্রশ্নকর্তা বলতে চাইছেন ইস্টবেঙ্গল না মোহনবাগান? সঙ্গে মাংসটাও জুড়ে দিন, মহমেডানও হয়ে যাবে। এই তিনটি অপশন দিলে এখানকার কেউই নির্দিষ্ট কোনও একটিকে বেছে নিতে পারবেন না। সবই বাঙালির পছন্দের।












Click it and Unblock the Notifications