Manoj Tiwary: ‘বঙ্গ ক্রিকেটের সঙ্গে যুক্ত রাখা হোক’, বার্তা মহারাজের, এবার কোন ভূমিকায় মনোজ?
রবিবার ক্রিকেটকে আলবিদা জানালেন মনোজ তিওয়ারি। বাংলার হয়ে দীর্ঘদিন খেলেছেন, অধিনায়কত্ব করেছেন। এর পাশাপাশি ভারতীয় দলের হয়েও খেলার সুযোগ পেয়েছেন। তবে প্রত্যেক ক্রীড়াবিদকেই একটা না একটা সময় গিয়ে থামতেই হয়। মনোজ তিওয়ারির ক্রিকেটার জীবনেরও সমাপ্তি ঘটল রবিবার। ক্রিকেটার হিসাবে অবসর নিলেও আগামী দিনে বঙ্গ ক্রিকেটে মনোজকে যুক্ত রাখার আহ্বান জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
ক্রিকেটার থাকতে খাকতেই রাজনীতির ময়দানে নেমেছেন। ২০২১ সালে বিধানসভা ভোটে জিতে ক্রীড়া প্রতিমন্ত্রীও হয়েছেন। তবে গত দুই মরশুম খেলা চালিয়ে গিয়েছেন। তবে চলতি রঞ্জি মরশুম শেষেই যে অবসর নেবেন তা আগেই জানিয়েছিলেন। রবিবার সন্ধ্যায় মনোজের জন্য একটি বিদায় সংবর্ধনার আয়োজন করে সিএবি।

এই অনুষ্ঠানে সৌরভ বলেন, 'একজন ক্রিকেটার যতই অবসর নিন, তাঁর কাছে ক্রিকেটাই সবকিছু। মনোজ বর্তমানে তুমি ক্রীড়া প্রতিমন্ত্রী। আশা কছি আগামী দিনেও ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকবে। আমি সিএবির ক্রিকেট কর্তাদের বলব মনোজের অভিজ্ঞতাকে বাংলা ক্রিকেটোর কাজে লাগাতে। যেভাবে লক্ষ্মীরতন শুক্লাকে যুক্ত করা হয়েছে।'
এই অনুষ্ঠানে মনোজ প্রসঙ্গে সৌরভ বলেন, 'যে কোনও খেলোয়াড়ের খেলোয়াড় জীবন খুব কাছের। কারণ সে ছোটবেলা থেকেই দিনের পর দিন এটা নিয়ে সে সময় কাটায়। এই সময়টায় সে অনেক ত্যাগ স্বীকার করে। ১০ বছর কারোর ১৫ কেউ বা ২০ বছর। মনোজ এমন একজন ক্রিকেটার যিনি তাঁর জীবনের সবথেকে মূল্যবান সময়টা বাংলাকে দিয়েছেন।'
এর পাশাপাশি সৌরভ বলেন, 'মনোজ ভারতের হয়েও খেলেছে।হয়ত বেশি ম্যাচ খেলেনি। কিন্ত তাতে তাঁর দক্ষতার খামতি আছে বলে আমি মনে করিনি। আমি বিশ্বাস করি জীবনে সুযোগটাই আসল। সঠিক সময়ে সঠিক সুযোগ আসাটা খুব দরকার। কিন্তু সবার জীবনে সেটা হয়ে উঠে না। তার মানে এই নয় যে কেউ কারোর থেকে খারাপ ক্রিকেটার। মনোজকে আমি এটাই বলতে চাই তুমি তোমার কেরিয়ার নিয়ে গর্ব করতে পারো।'
মনোজের সঙ্গে তাঁর স্মৃতি প্রসঙ্গে মহারাজ বলেন, 'আমার এখনও মনে আছে ২০০৬-০৭ সালে মুম্বইতে রঞ্জি ট্রফির ফাইনালে আমরা একসঙ্গে ব্যাট করেছিলাম। মনোজ বোধহয় ৯০ করেছিল আমিও ৯০ রান করেছিলাম। আমি ওই দিনই বুঝেছিলাম মনোজের মধ্যে একটা স্পার্ক আছে যার জন্য ও অনেক দূর যেতে পারে এবং ভারতের হয়েও খেলতে পারে। বহু ক্রিকেটার ছিল যাদের দক্ষতা ছিল ভারতের হয়ে খেলার কিন্তু সুযোগ পায়নি।'
রঞ্জি চ্যাম্পিয়ন হতে না পারলেও বাংলার ক্রিকেটে মনোজের অবদান অনেক। সেই প্রসঙ্গে সৌরভের বক্তব্য, 'তোমার এই দীর্ঘ কেরিয়ারে বাংলার হয়ে ১০ হাজার রান। এটার জন্য তোমাকে আমরা সব সময় মনে রাখব। তুমি বাংলা ক্রিকেটে উজ্জ্বল নক্ষত্র। যতদিন বাংলা ক্রিকেট থাকবে যতদিন ইডেন থাকবে, যতদিন দেওয়ালে ছবি লাগবে তোমার ছবি সামনের সারিতে থাকবে।'
মনোজ ১৪৮টি প্রথম শ্রেণির ম্য়াচে থামলেন ১০১৯৫ রান করে। সর্বাধিক স্কোর অপরাজিত ৩০৩। বিদায় অনুষ্ঠানে মনোজের স্ত্রী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিদায় বেলায়ও ধোনির উপর অভিমান যেন কিছুতেই কমছে না মনোজের। তাঁর কথায়, 'আমার স্বপ্ন ছিল দেশের হয়ে খেলা। খেলেছিলাম। দেশকে জিতিয়েছিলাম। শতরান করে ম্যাচের সেরা হয়েছিলাম। কিন্তু তার পর বাদ পড়তে হল। আমাকে আমার প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করা হল। তাই কখনও যদি ধোনির সঙ্গে কথা বলার সুযোগ হয়, তাহলে অবশ্যই জিজ্ঞেস করব, কেন আমাকে বাদ দেওয়া হয়েছিল? কারণটা জানতে চাইব।'












Click it and Unblock the Notifications