যোগ্য ক্রিকেটাররা দুর্ভাগ্যবশত দলের বাইরে, টি২০ বিশ্বকাপের আগে টিম ম্যানেজমেন্টকে সতর্কবাণী বীরুর
যোগ্যতা সম্পন্ন কিছু ক্রিকেটার দুর্ভাগ্যবশত বাইরে বসে আছে, বিশ্বকাপের আগে টিম ম্যানেজমেন্টকে সতর্ক করলেন বীরু
টি-২০ বিশ্বকাপ প্রায় দরজায় কড়া নাড়ছে। কিন্তু এখনও হয়তো সেরা এগারো খুঁজে উঠতে পারেনি ভারত। প্রথম দু'টি টি-২০ ম্যাচ জিতলেও তৃতীয় ম্যাচে ভারতের ব্যাটিং ভরাডুবি দেখা গিয়েছে ট্রেন্ট ব্রিজে। ৫৫ বলে ১১৭ রান করা সূর্যকুমার যাদব ছাড়া কোনও ভারতীয় ব্যাটার এই ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেননি। অধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি উভয়ই ১১ রান করে করেন। এই ম্যাচে ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী শ্রেয়স আইয়ার করেছেন ২৮ রান।

টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় ব্যাটসম্যানদের এই ছন্দ পতন থেকে অত্যন্ত চিন্তিত বীরেন্দ্র শেহওয়াগ। দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার মনে করেন এখনও পর্যন্ত সঠিক একাদশ খুঁজে পায়নি টিম ইন্ডিয়া। বিরাট কোহলির লাগাতার খারাপ ফর্মে তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন বহু তারকা প্রাক্তনী। সরাসরি সেই রাস্তায় না হেটে এই আইকনিক ব্যাটসম্যান জানিয়েছেন, দলে এমন ক্রিকেটা নিযুক্ত করতে হবে যারা প্রথম থেকেই প্রয়োজনে চালিয়ে খেলতে পারবে। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে বিধ্বংসী এই তারকা বলেছেন, "ভারতের এমন বহু ক্রিকেটার রয়েছে যাঁরা শুরু থেকেই চালিয়ে খেলতে পারেন। দুর্ভাগ্যবশত তাঁদের মধ্যে কিছু জন রয়েছেন দলের বাইরে। টি-২০ ক্রিকেটে এই মুহূর্তে সেরা ছন্দে থাকা ক্রিকেটারদের দলে সুযোগ দেওয়ার জন্য উপায় খুঁজতে হবে।"

দেশের প্রাক্তন তারকা পেসার ভেঙ্কটেশ প্রসাদও ফর্মে থাকা ক্রিকেটারদের সুযোগ দেওয়া বিষয়ে মুখ খুলেছেন। তিনি কারোর নাম না করে লিখেছেন, "একটা সময় ছিল যেখানে রেপুটেশন থাকলেও যদি সেই ক্রিকেটার পারফর্ম না করত তা হলে তাঁর বাদ দিয়ে দেওয়া হতো দল থেকে। সৌরভ (গঙ্গোপাধ্য়ায়), (বীরেন্দ্র) শেহওয়াগ, যুবরাজ (সিং), জাহির (খান), ভাজ্জি (হরভজন সিং)- প্রত্যেকেই দল থেকে বাদ পড়েছে যখন ফর্মে ছিল না। বাদ পড়ে ঘরে ক্রিকেট খেলে রান করে আবার পুরনো জায়গা ফিরে পেয়েছে এরা। দেখে মনে হচ্ছে মানদণ্ড আমূল বদলে গিয়েছে। সারা দেশে প্রচুর প্রতিভা রয়েছে, সেখানে শুধু রেপুটেশনের উপর খেলে যেতে পারে না। ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনার অনিল কুম্বলেকেও অনেক ম্যাচে বাইরে বসতে হয়েছিল। দীর্ঘ লাভের জন্য পদক্ষেপ প্রয়োজন।"
ঐতিহাসিক ১৯৮৩ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব জানিয়েছিলেন ফর্মে না থাকা বিরাট কোহলিকে বাদ দিয়ে তাঁর পরিবর্তে কার্যকরী ক্রিকেটারকে সুযোগ দেওয়ার। তিনি বলেছিলেন, "বিশ্বের দ্বিতীয় সেরা বোলার (রবিচন্দ্রন) অশ্বিনকে যদি টেস্ট দল থেকে ড্রপ করা যেতে পারে তা হলে আপনার এক নম্বর ব্যাটসম্যানকেও ড্রপ করা যেতে পারে।"












Click it and Unblock the Notifications