আম্পায়ারের উপর রেগে উইকেটে লাথি-তর্ক, আচরণের জন্য ক্ষমা চাইলেন শাকিব
ফের বিতর্কে শাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগের জৈব সুরক্ষা বলয় ভেঙে শাকিবের পরিচিত এক বহিরাগত-র তাঁর কাছে যাওয়া নিয়ে জলঘোলা শুরু হয়েছিল। তারপরই আজ ক্রিকেট মাঠে অক্রিকেটীয় আচরণ করে সমালোচিত হলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব।

ঢাকা প্রিমিয়ার লিগে আজ খেলা চলছিল মহমেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে আবাহনী লিমিটেডের। মহমেডান ২০ ওভারে ১৪৫ রান তুলেছিল। এরপর বল করার সময়ই বিতর্কে জড়ান শাকিব। ম্যাচের পঞ্চম ওভারে তাঁর বলে একটি চার ও একটি ছক্কা মারেন বাংলাদেশ দলে শাকিবের সতীর্থ মুশফিকুর রহিম। বাকি চার বলে আর কোনও রান পায়নি বিপক্ষ দল। এই ওভারের শেষ বলে মুশফিকুর রহিমের বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন জানান শাকিব। আম্পায়ার তা নাকচ করতে হঠাৎই সকলকে অবাক করে দিয়ে লাথি মেরে স্টাম্প ভেঙে দেন তিনি। এরপর আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়েও জড়িয়ে পড়তে দেখা যায় শাকিবকে।

ম্যাচের ষষ্ঠ ওভারে তিনি আবার আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে উইকেট তুলে নিয়ে আছাড় মেরে ফেলে দেন। শুধু তাই নয়, আবাহনী কোচ তথা বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক খালেদ মামুদের সঙ্গে তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েছিলেন শাকিব। যদিও আবাহনীর তরফে জানানো হয়েছে, ম্যাচের শেষে তাদের ড্রেসিংরুমে গিয়ে ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন শাকিব। খালেদের সঙ্গে সম্পর্কও স্বাভাবিক করে নিয়ে দুজনে একে অপরকে বুকে টেনে নেন। সম্প্রতি শাকিব নেটে ব্যাটিং করার সময় জৈব সুরক্ষা বলয় ভেঙে এক বহিরাগত শাকিবের সঙ্গে দেখা করেন বলে অভিযোগ পেয়েও তার তদন্ত শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফের এই বিতর্কিত ঘটনা। এই আচরণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী শাস্তিমূলক পদক্ষেপ করে সেটাই দেখার।
যদিও এই কৃতকর্মের জন্য শাকিব ফেসবুকে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি লিখেছেন, মেজাজ হারিয়ে ম্যাচে যেটা করেছি তার জন্য আমার ভক্তদের কাছে আমি দুঃখপ্রকাশ করছি। একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে এটা করা আমার উচিত হয়নি। কিন্তু কখনও কখনও ইচ্ছা না থাকলেও এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যায়। আমার দল, ম্যানেজমেন্ট, টুর্নামেন্ট আধিকারিক ও আয়োজকদের কাছে এই ভুলের জন্য ক্ষমা চাইছি। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না। যদিও কখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সংঘাত, কখনও বা আইসিসি-র নির্বাসনের মুখে পড়া, বারেবারেই বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়েছেন শাকিব। এদিনের ঘটনা তাতে অন্য মাত্রা যোগ করল। শাকিব ক্ষমা চাইলেও সোশ্যাল মিডিয়ায় তাঁর এই আচরণের তীব্র নিন্দা করেছেন ক্রিকেটপ্রেমীরা।
Shakib Al Hasan not very impressed with the umpire in this Dhaka Premier Division Cricket League match #Cricket pic.twitter.com/iEUNs42Nv9
— Saj Sadiq (@Saj_PakPassion) June 11, 2021












Click it and Unblock the Notifications