ODI অভিষেকে বিশ্বরেকর্ড! সাত উইকেট তুলে নিয়ে তাক লাগালেন স্কটল্যান্ডের পেসার চার্লি ক্যাসেল
Best Figures On ODI Debut: দারুণভাবে একদিনের আন্তর্জাতিকে অভিষেক স্মরণীয় করে রাখলেন চার্লি ক্যাসেল। স্কটল্যান্ডের পেসার গড়ে ফেললেন বিশ্বরেকর্ড।
তার আগে কোনও বোলার একদিনের আন্তর্জাতিক অভিষেকে সাত উইকেট নিতে পারেননি। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডার ৯ বছরের পুরানো রেকর্ড চুরমার করলেন ক্যাসেল।

নিজেদের দেশেই ডান্ডিতে স্কটল্যান্ড পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের লিগ ২-র ম্যাচে মুখোমুখি হয়েছিল ওমানের। ব্যক্তিগত কারণে এই ম্যাচটি খেলতে পারেননি স্কটল্যান্ডের ক্রিস সোল। তাঁর জায়গায় দলে আসেন ক্যাসেল। এদিনই তাঁর ওডিআই অভিষেক হয়।
চোটের কারণে বছরখানেকের বেশি ক্যাসেলকে মাঠের বাইরে থাকতে হয়েছিল। এরপর যেভাবে বিভিন্ন ম্যাচে নিজেকে দারুণভাবে মেলে ধরে এবার স্কটল্যান্ডের একাদশে জায়গা করে নিলেন তার প্রশংসা করেন অধিনায়ক রিচি বেরিংটন। ক্যাসেলের হাতে দলের টুপি তুলে দেওয়ার সময়।
কিন্তু কে জানত, কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্বরেকর্ড গড়বেন এই জোরে বোলার? তাও আবার মাত্র ৫.৪ ওভার হাত ঘুরিয়ে। ক্যাসেল সাত উইকেট নিলেন মাত্র ২১ রান খরচ করে। মিডল অর্ডারকে একাই ধসিয়ে দেন। ওডিআই কেরিয়ারের প্রথম ২ বলে ২ উইকেট নেন, প্রথম ওভারে তিন উইকেট তুলে নেন, সেটি আবার মেডেন ওভার!
দ্বাদশ ওভারে হ্যাটট্রিক নেওয়ার পরিস্থিতিও তৈরি করেছিলেন। ১১.১ ওভারে জিসান মাকসুদকে লেগ বিফোর করেন। পরের বলেই বোল্ড আয়ান খান। এরপর খালিদ কাইল ক্যাসেলকে হ্যাটট্রিক করতে না দিলেও, এই ওভারের চতুর্থ বলে তিনিও আউট হয়ে যান।
১৩.৩ ওভারে শোয়েব খানের উইকেট তুলে নেন, এই ম্যাচে এটি তাঁর চতুর্থ শিকার। ১৭.১ ওভারে মেহরান খানকে ফিরিয়ে পঞ্চম উইকেটটি ঝুলিতে পোরেন। কাগিসো রাবাডার বিশ্বরেকর্ড ক্যাসেল স্পর্শ করেন ওপেনার প্রতীক আথাভালেকে আউট করে।
5️⃣.4️⃣ overs
— Cricket Scotland (@CricketScotland) July 22, 2024
1️⃣ maiden
2️⃣1️⃣ runs
7️⃣ wickets
Charlie Cassell with the 𝘽𝙀𝙎𝙏 𝙀𝙑𝙀𝙍 figures on ODI debut 🤯🤩🔥#FollowScotland pic.twitter.com/EXSw7ixucZ
এরপর বিলাল খান কট বিহাইন্ড হন ক্যাসেলের বলে। ওমানের ইনিংসে যবনিকা পতন ঘটানোর পাশাপাশি তিনি ভেঙে দেন রাবাডার বিশ্বরেকর্ড। ২০১৫ সালে বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক হয়েছিল প্রোটিয়া পেসার রাবাডার। মীরপুরের সেই ম্যাচে তিনি ১৬ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়েছিলেন।
২০০৩ সালে হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওডিআই অভিষেকে ফিডেল এডওয়ার্ডস ২২ রান দিয়ে ৬ উইকেট পেয়েছিলেন। ফলে অভিষেকে ৬ বা তার বেশি উইকেট পাওয়া বোলারের সংখ্যা এদিন বেড়ে হলো তিন। ভারতীয়দের মধ্যে ওডিআইয়ে সেরা বোলিং ফিগার প্রসিদ্ধ কৃষ্ণর। তিনি ২০২১ সালে পুনেতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৪ রান দিয়ে ৪ উইকেট নেন।
ওমান অল আউট হয়ে যায় ৯১ রানে। ১৭.২ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্কটল্যান্ড। ৮ উইকেটে জয় ১৯৬ বল বাকি থাকতেই। ম্যাচের সেরার পুরস্কারটি স্বাভাবিকভাবেই গিয়েছে চার্লি ক্যাসেলের কাছে।












Click it and Unblock the Notifications