Sanju Samson: টেস্ট খেলাই লক্ষ্য, রঞ্জিতে মনোনিবেশ সঞ্জুর, ছন্দে ফেরার কৃতিত্ব দিলেন কাদের?
Sanju Samson: সঞ্জু স্যামসনের টি২০ আন্তর্জাতিক অভিষেক হয় ২০১৫ সালে। একদিনের আন্তর্জাতিকে প্রথম খেলার সুযোগ পান ২০২১ সালে। তবু ভারতীয় দলে জায়গা এতদিন পাকা করা হয়নি কেরলের এই উইকেটকিপার-ব্যাটারের।
বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি২০ আন্তর্জাতিকে মারকাটারি রেকর্ড সৃষ্টিকারী শতরান সঞ্জুর কেরিয়ারের বড় মাইলস্টোন হতে চলেছে। এবার তাঁর লক্ষ্য টেস্ট দলে জায়গা করে নেওয়া।

সঞ্জু এদিন বলেন, আমার বিশ্বাস আছে লাল বলের ক্রিকেটে সফল হওয়ার স্কিল আমার মধ্যে আছে। আমি শুধু নিজেকে সাদা বলের ক্রিকেটে সীমাবদ্ধ রাখতে চাই না। দেশের হয়ে টেস্ট খেলতে চাই। দলীপ ট্রফির আগে লিডারশিপ গ্রুপের থেকেও আমাকে বলা হয়েছে আমাকে লাল বলের ক্রিকেটের জন্য বিবেচনায় রাখা হচ্ছে।
ফলে লাল বলের ক্রিকেটের ফরম্যাট আরও সিরিয়াসভাবে নিতে চান সঞ্জু। লিডারশিপ গ্রুপের কথা ভেবে তিনি যত বেশি সংখ্যক পারেন রঞ্জি ম্যাচও খেলবেন। সঞ্জু বলেন, প্রস্তুতিও নিতে শুরু করেছি। শ্রীলঙ্কা সিরিজের পর রাজস্থান রয়্যালসের আকাদেমিতে রাহুল দ্রাবিড় ও জুবিন ভারুচার তত্ত্বাবধানে অনুশীলনও করেছি।
দলীপের শতরান আত্মবিশ্বাস বাড়িয়েছে সঞ্জুর। কেন না, দেশের সেরা বোলাররা ওই টুর্নামেন্টে বোলিং করেছিলেন। দলীপে ভারতীয় ডি দলের হয়ে ভারতীয় বি দলের হয়ে ১০১ বলে ১০৬ রান করেছিলেন সঞ্জু। প্রতিপক্ষ দলে ছিলেন মুকেশ কুমার, মোহিত অবস্থি, নীতীশকুমার রেড্ডি, নভদীপ সাইনি, রাহুল চাহার, ওয়াশিংটন সুন্দররা। উল্লেখ্য, সঞ্জু ৬৪টি প্রথম শ্রেণির ম্য়াচে ৩৮১৯ রান করেছেন। ১১টি শতরান ও ১৬টি অর্ধশতরান রয়েছে। ১৮ অক্টোবর থেকে কর্নাটকের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ খেলে ইডেনেও নামবেন সঞ্জু।
রাহুল দ্রাবিড় ও জুবিন ভারুচার তত্ত্বাবধানে অনুশীলন করে তিনি উপকৃত বলে জানান সঞ্জু। প্রশংসা করেছেন টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদবেরও। সঞ্জু বলেন, সূর্য খুব ভালো বোঝাতে পারেন। কার কাছ থেকে দল কী প্রত্যাশা করছে সেটা সকলকেই স্বচ্ছতা বজায় রেখে জানানো হয়। সূর্য ভালো লিডার, ক্রিকেটাররা তাঁকে বিশ্বাস করেন।
একইসঙ্গে সঞ্জু জানিয়েছেন হেড কোচ গৌতম গম্ভীরের কথাও। সঞ্জু বলেন, গৌতম ভাই সব সময় আমার পাশে থাকেন, উৎসাহ জোগান। যখন কোনও কোচ ক্রিকেটারের দক্ষতায় আস্থা রাখেন, তখন ক্রিকেট খেলাটা আরও উপভোগ্য হয়ে দাঁড়ায়। সঞ্জু আরও বলেন, সাধারণত দেশের হয়ে খেলার সময় নিজের ভূমিকা নিয়ে সংশয় থাকে। কিন্তু আমাকে তিন সপ্তাহ আগে জানানো হয়েছিল বাংলাদেশ সিরিজে ওপেন করতে হবে। সেই অনুযায়ী নিজেকে মানসিকভাবে প্রস্তুত রেখেছিলাম।












Click it and Unblock the Notifications